ছাত্রদল-ছাত্রশিবির কর্মীর ওপর হামলা প্রতিবাদে বিক্ষোভ
ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাতকের গোবিন্দগঞ্জ সড়কে শুক্রবার রাতে ছাত্রদল-শিবিরের টায়ার জ্বালিয়ে প্রতিবাদ মিছিল সমকাল
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:৪০
| প্রিন্ট সংস্করণ
ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দুই কর্মীর ওপর ছাত্রলীগের হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে ছাতক-সিলেট সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
গত শুক্রবার রাত ৯টার দিকে এ ঘটনার পর প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ চলে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। প্রথমে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল বের করলে কিছুক্ষণ পর পৃথক মিছিল নিয়ে তাদের সঙ্গে যোগ দেয় ইসলামী ছাত্রশিবির।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জ রেলগেট এলাকায় এক দোকানের সামনে মোটরসাইকেল পার্কিং করা নিয়ে কয়েকজন যুবকের মধ্যে তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে ছাত্রদলের গোবিন্দগঞ্জ কলেজের সাবেক যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল আহমেদ ও স্থানীয় ছাত্রশিবির কর্মী মোজাহিদ আহমেদের ওপর হামলা চালিয়ে তাদের মোটরসাইকেল ভাঙচুর করা হয়।
এই খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে বিক্ষোভ মিছিল বের করে সড়ক অবরোধ করেন উভয় সংগঠনের নেতাকর্মীরা। আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ তুলে নানা স্লোগান দেন। একই সঙ্গে তারা স্থানীয় ব্যবসায়ী জাহেদ মিয়াকে ছাত্রলীগের মদদদাতা আখ্যা দিয়ে স্লোগান দেন।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ এবং স্থানীয় বিএনপি ও জামায়াত নেতারা ঘটনাস্থলে পৌঁছে ২৪ ঘণ্টার মধ্যে আইনি ব্যবস্থার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
উপজেলা ছাত্রদল নেতা মাহবুব ও ইমন আহমেদ অভিযোগ করে বলেন, চিহ্নিত চোরাকারবারি জাহেদের ভাতিজাকে ছাত্রলীগ নেতা হওয়ায় পুলিশ গ্রেপ্তার করে। সেই ঘটনার জেরে তাঁর অনুসারী ছাত্রলীগ কর্মীরা ছাত্রদল ও শিবির কর্মীদের ওপর হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করেছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার না করা হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
ছাতক থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ঘটনার পর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযুক্ত ব্যবসায়ী জাহেদের প্রতিষ্ঠানে অস্ত্র থাকার অভিযোগে তল্লাশি চালানো হলেও কোনো অস্ত্র পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
- বিষয় :
- বিক্ষোভ