গ্যাস লিকেজ থেকে আগুন: স্বামীর ৪ দিন পর মারা গেলেন স্ত্রী
প্রতীকী ছবি
সিরাজগঞ্জ ও উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ১৯:৪২ | আপডেট: ০৯ আগস্ট ২০২৬ | ২০:১৯
সিরাজগঞ্জের বেলকুচিতে গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া স্বামী-স্ত্রী দুজনেরই মৃত্যু হয়েছে। বেলকুচি পৌরসভার মুকুন্দগাতি শাহপাড়ায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় প্রথমে স্বামী আব্দুল মালেক শেখ (৬৫) এবং চার দিন পর স্ত্রী জাহানারা খাতুন (৪৮) মারা যান।
উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই রাত ১২টার দিকে রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা দগ্ধ দম্পতিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁদের সিরাজগঞ্জ সদর হাসপাতাল হয়ে ঢাকার জাতীয় পোড়া ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় চার দিনের ব্যবধানে দুজনেই মারা যান।
বিষয়টি নিশ্চিত করে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আফরিন জাহান বলেন, ফায়ার সার্ভিসের দেওয়া তথ্যমতে মুকুন্দগাতি শাহপাড়ায় গ্যাস দুর্ঘটনায় দুজন দগ্ধ হন। ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে ঢাকা বার্ন ইউনিটে দুইজনেরই মৃত্যু হয়। ফায়ার সার্ভিস ও প্রতিবেশীদের মাধ্যমে তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পরিবার সূত্রে জানা যায়, নিহত আব্দুল মালেক শেখ পেশায় শ্রমিক ছিলেন এবং তাঁর স্ত্রী জাহানারা খাতুন ছিলেন গৃহিণী। প্রায় ৫০ বছর আগে নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে টাঙ্গাইলের ভূঞাপুর থেকে এসে বেলকুচিতে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন তাঁরা।
- বিষয় :
- সিরাজগঞ্জ
- অগ্নিকাণ্ডে মৃত্যু