ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন

অভাবে চুল বিক্রি করা সেই রেহানার পাশে প্রশাসন
×

রেহানা খাতুনকে স্থানীয় প্রশাসনের সহযোগিতা

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২১:০১

অভাবের তাড়নায় নিজের মাথার চুল বিক্রি করা বাগেরহাটের রামপালের অসহায় নারী রেহানা খাতুনের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। তাকে নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী দেওয়ার পাশাপাশি স্থায়ীভাবে বসবাসের জন্য আশ্রয়ণ প্রকল্পে একটি ঘর দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

রেহানা খাতুনের চুল বিক্রির বিষয়টি শনিবার স্থানীয় সংসদ সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নজরে আসে। রাষ্ট্রীয় কাজে নিজ এলাকার বাইরে থাকলেও বিষয়টি জানার পর তিনি তাৎক্ষণিকভাবে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) ওই নারীর পাশে দাঁড়ানোর নির্দেশ দেন।

প্রতিমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আজ রোববার বিকেলে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী রেললাইনের পাশে সরকারি জায়গায় অস্থায়ীভাবে বসবাস করা রেহানা খাতুনের কাছে যান। এ সময় তাঁর হাতে নগদ অর্থ ও এক মাসের খাদ্যসামগ্রী তুলে দেন ইউএনও। পরিবেশ প্রতিমন্ত্রীর প্রতিনিধি অপু রায়হান ও আলমগীর হোসেনও সেখানে উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রামপালের সন্তোষপুর গ্রামের বাসিন্দা রেহানা খাতুন দীর্ঘদিন ধরে চরম আর্থিক সংকটে রয়েছেন। সংসারের নিত্যদিনের খরচ মেটাতে হিমশিম খেতে হয় তাঁকে। একপর্যায়ে খাবার ও প্রয়োজনীয় খরচ জোগাড় করতে নিজের মাথার চুল কেটে বিক্রি করতে বাধ্য হন তিনি।

রেহানার চুল বিক্রির বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নজরে আসে প্রতিমন্ত্রীর।

রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসী বলেন, ‘সম্প্রতি অভাব-অনটনে পড়ে সন্তোষপুর গ্রামের অসহায় নারী রেহানা বেগম তাঁর মাথার চুল বিক্রি করে দেন। বিষয়টি নজরে আসার পর পরিবেশ প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম দ্রুত আমাকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। তাঁর নির্দেশনা অনুযায়ী রেহানা বেগমকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রেহানা বেগমের স্থায়ীভাবে বসবাসের ব্যবস্থা করতে গৌরম্ভা আশ্রয়ণ প্রকল্পে তাঁকে একটি ঘর দেওয়া হবে। পাশাপাশি তাঁকে স্বাবলম্বী করে তুলতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে।’

প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেন, রেহানা খাতুনের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখা হবে।

আরও পড়ুন

×