ঢাকা রোববার, ০৯ আগস্ট ২০২৬

মেহেরপুরে ল্যান্ডমাইন-সদৃশ বস্তু

দুই দিনেও বোমা নিষ্ক্রিয় দল না আসায় আতঙ্ক

দুই দিনেও বোমা নিষ্ক্রিয় দল না আসায় আতঙ্ক
×

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ২১:৪৩

মেহেরপুরের গাংনী উপজেলার বেতবাড়িয়া গ্রামে ল্যান্ডমাইনের মতো একাধিক বস্তুর সন্ধান পাওয়ার দুদিন পেরিয়ে গেলেও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট পৌঁছেনি। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাধারণ মানুষকে ওই এলাকায় যেতে দেওয়া হচ্ছে না। ফলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয়রা জানান, গত শনিবার বেতবাড়িয়া গ্রামের কালু মালিথার পরিত্যক্ত জমিতে মাইনসদৃশ এসব বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ। তবে এগুলো প্রকৃতপক্ষে মাইন, বোমা নাকি অন্য কোনো বস্তু, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

গাংনী থানার ওসি মুহাদ্দিদ মূর্শেদ জানান, ঘটনাস্থল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কর্ডন করে রেখেছেন। ঢাকা থেকে বম্ব ডিজপোজাল ইউনিট এসে পরীক্ষা-নিরীক্ষার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. জামিনুর রহমান খান জানান, ল্যান্ডমাইন-সদৃশ বস্তুগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য খুলনার বম্ব ডিসপোজাল ইউনিটকে আসতে বলা হয়েছিল। তবে তারা শুধু বোমা নিয়ে কাজ করে। তথ্য উপাত্ত জেনে তারা ঢাকার সেনাবাহিনী বা কাউন্টার টেরোরিজম ইউনিটকে ডাকতে বলেছে। তাই ঢাকায় বিজিবি ও পুলিশের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে। আগামীকাল সোমবার আসার সম্ভাবনা রয়েছে। সেই পর্যন্ত স্থানটি পুলিশ ও বিজিবি ঘিরে রেখেছে। সাধারণ জনগণের প্রবেশ নিষিদ্ধ থাকছে। উল্লেখ্য, সীমান্ত এলাকা হওয়ায় ঘটনাস্থল পুলিশ ও বিজিবি যৌথভাবে পর্যবেক্ষণ করছে।

আরও পড়ুন

×