বিভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও সুদৃঢ় করতে হবে: মার্কিন রাষ্ট্রদূত
ছবি: সমকাল
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ১৯:৫৯
বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ ও সম্প্রীতি আরও সুদৃঢ় করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশালের গৌরনদী উপজেলা সদরের বাসস্ট্যান্ডসংলগ্ন ক্যাথলিক চার্চে আয়োজিত আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। গৌরনদী উপজেলা প্রশাসন এ সংলাপের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু ও মিত্র। প্রত্যেকে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করার পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি সম্মান দেখাতে হবে। বিপদে-আপদে একে অপরের পাশে দাঁড়িয়ে ভ্রাতৃত্ব ও মানবতার বন্ধন আরও শক্তিশালী করতে হবে।
আন্তঃধর্মীয় সম্প্রীতির এ সংলাপে মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের স্থানীয় প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় বরিশালসহ বিশেষ করে গৌরনদী-আগৈলঝাড়ার আন্তঃধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক শান্তি প্রতিষ্ঠার বিভিন্ন দিক উঠে আসে।
গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন ফ্রান্সিস গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠানে তিন সম্প্রদায়ের মানুষের সম্প্রীতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন ফাদার মাইকেল মিলন দেউরী। মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন কাসেমাবাদ কামিল মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা মো. আসাদুজ্জামান। হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন আগৈলঝাড়া বিএইচপি একাডেমির প্রধান শিক্ষক যতীন্দ্রনাথ মিস্ত্রী। খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য দেন সিসিডিবির সহসভাপতি পলাশ রায়।
নাগরিকদের পক্ষ থেকে বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাত হান্নান ও আগৈলঝাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূতের স্ত্রী, গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মো. মিজানুর রহমান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, তথ্য ও সম্প্রচার মন্ত্রীর মিডিয়া সমন্বয়কারী খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
সংলাপ শেষে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে একটি পেইন্টিং উপহার দেন। পরে রাষ্ট্রদূত তাঁর স্ত্রীকে নিয়ে মন্ত্রীর আমন্ত্রণে সরিকলস্থ বাসভবনে মধ্যাহ্নভোজে অংশ নেন।
- বিষয় :
- মার্কিন রাষ্ট্রদূত
- বরিশাল