পর পর দুবার এসএসসিতে অকৃতকার্য, শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৬:১০
শেরপুরের নকলা উপজেলায় এসএসসি পরীক্ষায় পর পর দুবার অকৃতকার্য এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে চন্দ্রকোনা ইউনিয়নের চরবাছুরআগলী গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত দিয়ামনি অন্তি (১৭) ওই গ্রামের সরকার বাড়ির দুলাল উদ্দিনের মেয়ে। তিনি চন্দ্রকোনা বালিকা উচ্চবিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ, স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের শিক্ষকেরা জানান, ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন অন্তি। চলতি বছর তিনি অকৃতকার্য হওয়া চার বিষয়ে আবার পরীক্ষা দেন। ফল প্রকাশের পর এবারও তিনি অকৃতকার্য হন। পর পর দুবার অকৃতকার্য হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান স্বজন ও স্থানীয়রা।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সোমবার দুপুর থেকে অন্তি চুপচাপ ছিলেন। কারও সঙ্গে কথা বলেননি এবং ঠিকমতো খাবারও খাননি। মঙ্গলবার ভোরে পরিবারের সদস্যরা বাড়ির বারান্দায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে নকলা থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, তিন বোনের মধ্যে অন্তি ছিলেন তৃতীয়। তার দুই বোনের বিয়ে হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম বলেন, শিক্ষকেরা অন্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, এ বছর বিদ্যালয়ের পাসের হার কমেছে। তবে পরীক্ষায় অকৃতকার্য হয়ে একটি মেয়ের এমন পরিণতি তারা মেনে নিতে পারছেন না।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি সিদ্ধান্ত নেওয়া হবে।
- বিষয় :
- শেরপুর
- ঝুলন্ত মরদেহ উদ্ধার