এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা, স্বপ্ন চিকিৎসক হওয়ার
জাকিয়া সুলতানা ইভা। ছবি: সংগৃহীত
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: ১১ আগস্ট ২০২৬ | ১৬:২১
ফল প্রকাশের পর থেকেই মুখে হাসি জাকিয়া সুলতানা ইভার। আনন্দটা শুধু নিজের ভালো ফলের জন্য নয়, কুমিল্লা জেলার সেরা হওয়ার গর্বও মিশে আছে সেই হাসিতে। এসএসসি পরীক্ষায় ১,২৫০ নম্বরের মধ্যে ১,২১৭ নম্বর পেয়ে কুমিল্লা জেলায় প্রথম হয়েছে দেবিদ্বার মফিজ উদ্দিন আহমেদ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের এই শিক্ষার্থী।
দেবিদ্বার উপজেলার বারুর গ্রামের মোহাম্মদ জামাল হোসেনের মেয়ে ইভা। বাবা মোহাম্মদ জামাল হোসেন ও মা শাহিনুর আকতার দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মেয়ের পড়াশোনার প্রতি আগ্রহ দেখে শুরু থেকেই তারা তাকে উৎসাহ দিয়ে এসেছেন।
নিজের এই সাফল্যের পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা ও নিজের পরিশ্রমকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইভা। জাকিয়া সুলতানা ইভার কাছে এই ফলাফল অবশ্য শেষ গন্তব্য নয়। বরং সামনে এগিয়ে যাওয়ার নতুন শুরু। ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চায় সে।
ইভা বলেন, ভবিষ্যতে মেডিকেলে পড়াশোনা করে একজন মানবিক চিকিৎসক হতে চাই। চিকিৎসাসেবাকে মাধ্যম করে আজীবন মানুষের কল্যাণে কাজ করাই আমার প্রধান লক্ষ্য।
চিকিৎসক হওয়ার স্বপ্নটা ইভার কাছে শুধু একটি পেশা বেছে নেওয়ার বিষয় নয়। মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ মানুষের কষ্ট কমানো এবং চিকিৎসাসেবার মাধ্যমে মানুষের উপকার করাই তার মূল লক্ষ্য।
মেয়ের এমন সাফল্যে আবেগাপ্লুত বাবা মোহাম্মদ জামাল হোসেন। তিনি বলেন, এই কৃতিত্ব শুধু আমাদের একার পরিবারের নয়, পুরো দেবিদ্বারের শিক্ষাঙ্গনের জন্য গর্বের। ইভার এই সফলতা উপজেলার অন্যান্য শিক্ষার্থীদেরও ভালো ফলাফলে অনুপ্রাণিত করবে। আমার মেয়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
ইভার এই সাফল্যে আনন্দিত তার বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীরাও। প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান তাকে অভিনন্দন জানিয়ে বলেন, জাকিয়ার এই অবিস্মরণীয় সাফল্যে বিদ্যালয় পরিবার অত্যন্ত আনন্দিত ও গর্বিত। তার মেধা ও নিয়মিত পরিশ্রমের এই স্বীকৃতি ভবিষ্যৎ পথচলায় আরও বড় অর্জনের অনুপ্রেরণা জোগাবে।