ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকায় দিনভর গ্যাস নেই

নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকায় দিনভর গ্যাস নেই
×

ছবি-সংগৃহীত

 নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৮:২৮ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ০৯:৫৫

| প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের অধিকাংশ এলাকায় গতকাল মঙ্গলবার দিনভর গ্যাস ছিল না। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন বাসিন্দারা। রান্না করতে না পেরে অনেকে হোটেল থেকে খাবার কিনে খেয়েছেন। সবচেয়ে বেশি সমস্যায় পড়েন শ্রমিক-কর্মজীবীরা।

এদিকে ‎নারায়ণগঞ্জ সিটি ও পার্শ্ববর্তী এলাকায় গ্যাস সংকট নিরসন এবং নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার বেলা ১১টায় তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশনের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ইঞ্জিনিয়ার রাজিব কুমার সাহার সঙ্গে সাক্ষাৎ করেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির নেতারা। 

‎নগরীর দেওভোগ এলাকার বাসিন্দা গৃহবধূ জিনাত আরা জাহান লিমা জানান, সকাল ৮টায় রান্না করতে উঠে দেখি, গ্যাস নেই। এদিকে বাসায় চট্টগ্রাম থেকে অতিথি এসেছেন। বাধ্য হয়ে সকালের নাশতা দোকান থেকে কিনে এনে খাইয়েছি। পরে সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে বিকেল ৪টায় খেতে পেরেছি। সন্ধ্যার কিছু আগে গ্যাস এলেও চাপ ছিল খুব কম।

‎একই অবস্থার কথা জানান দেওভোগের লিচুবাগ এলাকার বাসিন্দা তসলিমা বেগম। তাঁর দুই মেয়ে গার্মেন্টসে কাজ করেন। দুপুরে বাসায় খেতে আসেন। গ্যাস না থাকায় তাদের রুটি-কলা খাইয়ে কাজে পাঠিয়েছেন।

তিতাসের ডিএমডির সঙ্গে সাক্ষাতে ‎নাগরিক নেতারা  নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগের কথা তুলে ধরে বলেন, নারায়ণগঞ্জের বেশির ভাগ এলাকায় গ্যাস থাকে না। যদিও দিনের বেলায় কিছু সময়ের জন্য গ্যাস আসে, তা একেবারেই অপ্রতুল। যে কারণে বাসিন্দাদের দৈনন্দিন রান্না ও স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। মানুষ দোকান থেকে তৈরি খাবার কিনে খাচ্ছে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে শিশু, শিক্ষার্থী ও শ্রমিক কর্মজীবীদের। এ নিয়ে জনসাধারণ ক্ষুব্ধ।

এ সময় ‎তিতাসের ডিএমডি ইঞ্জিনিয়ার রাজিব কুমার সাহা জানান, নারায়ণগঞ্জ অঞ্চলে ৮২ হাজারের মতো বৈধ সংযোগ আছে‌। সে অনুযায়ী গ্যাসের এত বেশি সংকট হওয়ার কথা নয়। তবে বিভিন্ন স্থানে লাইন ফেটে গ্যাস লিক করা, গ্যাসলাইন ব্লক ইত্যাদি কারণে প্রবাহ ব্যাহত হয়। বিভিন্ন এলাকাতে অনেক অবৈধ সংযোগ আছে বলেও তাদের কাছে অভিযোগ রয়েছে। তা ছাড়া বিভিন্ন মেরামত কাজের জন্য অনেক সময় সরবরাহ কমে যায়।  তিনি আরও জানান, গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে তাদের চেষ্টা অব্যাহত আছে। গতকাল দিনভর নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস না থাকা প্রসঙ্গে তিনি বলেন, আগামী বৃহস্পতিবার এটি ঠিক হয়ে যাওয়ার কথা। এলএনজি টার্মিনালে ত্রুটির কারণে এটি হচ্ছে।

‎সাক্ষাতের সময় নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দিপু, কমিটির সদস্য হাফিজুল হক, আব্দুল হাই ভূঁইয়া, মুজিবুর রহমান আকন্দ, পপি রানী সরকার, উম্মে লায়লা, আনোয়ার ভূঁইয়া, জুলহাস সরকার উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×