প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ছাত্রদল নেতার দাফন
পলাশ (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ০৮:৩৩
| প্রিন্ট সংস্করণ
পলাশে প্রতিপক্ষের হামলা ও গুলিতে নিহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুমের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার ডাংগা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুরে মাসুমের লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হলে এলাকায় শোকের ছায়া নেমে আসে। এ সময় তাঁর স্বজনদের আহাজারিতে বাতাস ভারী হয়ে ওঠে।
জানা গেছে, গত ১ আগস্ট রাতে ডাংগার হাসনহাটা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় ও গুলিতে আহত হন ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম। দীর্ঘ ৯ দিন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন গত সোমবার সকালে তাঁর মৃত্যু হয়। নিহত মাসুম ডাংগা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে। তিনি ডাংগা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক। নতুন কমিটিতে সভাপতি পদপ্রার্থী ছিলেন তিনি।
স্থানীয়রা জানান, ফকির বাড়ি এলাকার বিজয়, সবুজ, ইকবাল ও সানির সঙ্গে একই এলাকার মাসুম, মামুন ও জয়নাল আবেদীনের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে গত ১ আগস্ট রাতে ফকির বাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থান করছিলেন মাসুম, মামুন ও জয়নালসহ কয়েকজন। পরে শত্রুতার জেরে বিজয়, সবুজ, ইকবাল ও সানি দলবল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় পেটে গুলিবিদ্ধ হন ছাত্রদল নেতা মাসুম। বাধা দিতে গেলে স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ ১০ জনকে কুপিয়ে জখম করে। পরে মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ওই রাতেই অস্ত্রোপচার করে তাঁর শরীর থেকে একটি গুলি বের করা হয়। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছাড়া।
পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, গত ৪ আগস্ট রাতে ৩৭ জনের নামে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।
- বিষয় :
- দাফন