মৌলভীবাজারে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক নিহত
ধামাইছড়া ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচের ছড়ায় পড়ে যায়। ছবি: সমকাল
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৩:৪৪ | আপডেট: ১২ আগস্ট ২০২৬ | ১৩:৪৫
মৌলভীবাজারের রাজনগরে ধামাইছড়া ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ট্রাকের হেলপার। বুধবার ভোরে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ সড়কের ধামাইছড়া ব্রিজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম রুমান মিয়া (৫৪)। আহত হেলপারের নাম নয়ন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে ভোজ্য তেল নিয়ে ট্রাকটি সিলেটের দিকে যাচ্ছিল। ভোরে ধামাইছড়া ব্রিজ পার হওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি ব্রিজের রেলিং ভেঙে নিচের ছড়ায় পড়ে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চালক রুমান মিয়া নিহত হন।
খবর পেয়ে রাজনগর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা আলী হোসেনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। ট্রাকটি ছড়ার অনেক নিচে পড়ে থাকায় রেকার দিয়ে সেটি ওপরে তোলা হয়। পরে ট্রাকের নিচ থেকে চালকের মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকাজে মৌলভীবাজার ও ফেঞ্চুগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহযোগিতা করে।
মৌলভীবাজার ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জাকারিয়া বলেন, ট্রাকটি অনেক নিচে পড়ে যাওয়ায় রেকার ভ্যানের সাহায্যে সেটি ওপরে তুলতে হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যদের সমন্বিত প্রচেষ্টায় চালককে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
স্থানীয় লোকজন জানান, ভোরে বিকট শব্দ শুনে তারা ঘর থেকে বের হন। পরে জানতে পারেন, ব্রিজের রেলিং ভেঙে ট্রাকটি ছড়ায় পড়ে গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, ট্রাকে চালকসহ দুজন ছিলেন। দুর্ঘটনায় চালক নিহত হয়েছেন এবং আহত হেলপার নয়নকে হাসপাতালে পাঠানো হয়েছে।
- বিষয় :
- মৌলভীবাজার
- ট্রাক খাদে
- নিহত