ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

জামালপুর

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

গ্যাসের জন্য রাতভর অপেক্ষা, অটোরিকশাচালকদের সড়ক অবরোধ
×

গ্যাসের দাবিতে অটোরিকশাচালকদের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬ | ১০:৩৩ | আপডেট: ১৩ আগস্ট ২০২৬ | ১০:৩৪

গ্যাস সংকটের প্রতিবাদে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন সিএনজিচালিত অটোরিকশাচালকরা। আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচিতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও কর্মস্থলগামী মানুষ।

বিক্ষোভকারী চালকদের অভিযোগ, দীর্ঘ সময় লাইনে অপেক্ষা করেও প্রয়োজনীয় পরিমাণ গ্যাস পাচ্ছেন না তাঁরা। এতে অটোরিকশা চালাতে না পারায় আয়-রোজগার ব্যাহত হচ্ছে। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

অটোরিকশাচালক আশরাফুল বলেন, ‘রাতভর অপেক্ষা করেও গ্যাস পাইনি। গ্যাস না থাকায় গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমার টাকা জোগাড় করাসহ পরিবারের খরচ চালানো কঠিন হয়ে পড়েছে।’

আরেক চালক সুরুজ আলী বলেন, গ্যাস সরবরাহে অনিয়মের কারণে অনেক চালক প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। দ্রুত সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি বিকল্প ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

অবরোধের কারণে জামালপুর থেকে টাঙ্গাইল, রাজধানী ঢাকা ও উত্তরবঙ্গগামী দূরপাল্লার বাস, ট্রাক, পিকআপসহ বিভিন্ন যানবাহন দীর্ঘ সময় ধরে আটকা পড়েছে। এতে মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটার যানজট সৃষ্টি হয়েছে। অনেক যাত্রীকে যানবাহন থেকে নেমে হেঁটে গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজনীন আখতার বলেন, ‘অবরোধকারীদের সঙ্গে কথা বলে সড়ক অবরোধ তুলে নেওয়ার চেষ্টা চলছে।’

আরও পড়ুন

×