গ্যাস সংকট কাটতে সময় লাগবে: বাণিজ্যমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬ | ১৯:৩১
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। তাতে প্রায় দুই বছর সময় লাগতে পারে। তিনি গ্যাসের অভাবে শিল্পকারখানার উৎপাদন ব্যাহত হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, এই সংকটের স্থায়ী সমাধানে অবকাঠামো উন্নয়নের বিকল্প নেই।
আজ শনিবার সিলেট নগরীর হোটেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত কৃষি সম্প্রসারণ বিভাগ আয়োজিত কর্মশালা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিভিন্ন মিল ও কারখানা গ্যাসের সংকটে ভুগছে, এটি অস্বীকার করার সুযোগ নেই। এই পরিস্থিতি বর্তমান সরকারের তৈরি নয়; এটি ‘উত্তরাধিকার সূত্রে’ পাওয়া সংকট। জ্বালানি সংকট মোকাবিলায় সরকার প্রচলিত চিন্তাভাবনার বাইরে গিয়ে কাজ করছে।
মালয়েশিয়া থেকে এলএনজি আনার সম্ভাবনার বিষয়ে এক প্রশ্নের জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশটির ছোট আকারের জাহাজগুলো বর্তমানে অন্যত্র কাজে নিয়োজিত। ফলে সেখান থেকে দ্রুত গ্যাস আনার ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। তারপরও সাময়িকভাবে পরিস্থিতির কিছুটা উন্নতি করা যায় কি না, সে বিষয়ে সরকার চেষ্টা চলছে।
এর আগে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’-এর আওতায় ২০২৬-২০২৭ অর্থবছরে জেলা পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও বিগত বছরের বাস্তবায়ন মূল্যায়নবিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী। কর্মশালায় তিনি সেচের অভাবে যেসব জমি বছরের একটি নির্দিষ্ট সময়ে অনাবাদি থাকে, সেখানে সেচ সুবিধা নিশ্চিত করা, দুই ফসলি এবং দুই ফসলি জমিকে তিন ফসলি জমিতে রূপান্তর করা, জলাবদ্ধতার পানি নিষ্কাশন, সিলেটে তরমুজ চাষসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।
বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মো. মোশাররফ হোসেন, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, প্রকল্প পরিচালক মো. রাকিব উদ্দিন।
পরে মন্ত্রী সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় তিনি সিলেটে আগামী এক বছরে ২৫ লাখ বৃক্ষরোপণ করা হবে বলে জানান। জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান লোদী কয়েস, পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, বিভাগীয় বনকর্মকর্তা আব্দুর রহমান প্রমুখ।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী