বিদ্যালয়ের বাথরুম থেকে অসুস্থ অবস্থায় ৪ ছাত্রী উদ্ধার
ফাইল ছবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬ | ২১:৩৯
রংপুরের মিঠাপুকুরে বিদ্যালয়ের বাথরুম থেকে অসুস্থ অবস্থায় অষ্টম শ্রেণির চার ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। সোমবার উপজেলার জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। উদ্ধার করা ছাত্রীদের তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘিরে বিদ্যালয় ও আশপাশের এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলতাফ হোসেন বলেন, ‘দুপুরে চারজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে তাদের বিদ্যালয়ের বাথরুম থেকে উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ফুড পয়জনিংয়ের আশঙ্কা করে তাদের দ্রুত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।’
অসুস্থ ছাত্রীরা জানায়, বিদ্যালয়ের সামনে আসা একটি ভ্রাম্যমাণ কফির দোকান থেকে কফি কিনে পান করার পর থেকেই তারা অসুস্থ বোধ করতে শুরু করে।
মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মিজানুর রহমান বলেন, ‘চিকিৎসাধীন ছাত্রীদের শরীরে ঘুমের ওষুধের প্রভাব লক্ষ্য করা গেছে। বর্তমানে তারা চিকিৎসাধীন এবং এখনও পুরোপুরি আশঙ্কামুক্ত নয়।’
- বিষয় :
- রংপুর
- বিদ্যালয়
- শিক্ষার্থী