বৃষ্টিতে ভিজে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান পুলিশের
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬ | ০৮:১৯
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাটের আক্কেলপুরে বৃষ্টিতে ভিজে বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডলকে গার্ড অব অনার দিয়েছেন উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। গতকাল মঙ্গলবার বিকেল ৩টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের তয়েজপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। নেটিজেনদের অনেকেই প্রশাসন ও পুলিশ সদস্যদের সাধুবাদ জানান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ভোরে বার্ধক্যের কারণে নিজ বাড়িতে মারা যান বীর মুক্তিযোদ্ধা আফছার আলী মণ্ডল। বিকেলে তয়েজপাড়া গ্রামে তাঁর জানাজার আয়োজন করা হয়। জানাজার আগে উপজেলা প্রশাসনের পক্ষে ভারপ্রাপ্ত ইউএনও আবিদা খানম বৈশাখী ও থানার পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত হন।
রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধা জানানোর জন্য মরদেহে পুষ্পস্তবক অর্পণ ও গার্ড অব অনারের প্রস্তুতি নেওয়া হয়। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে ভিজে পুলিশ সদস্যরা দাঁড়িয়ে গার্ড অব অনার দেন। ভারপ্রাপ্ত ইউএনওসহ উপস্থিত অন্যরাও বৃষ্টিতে ভিজেই রাষ্ট্রীয় সম্মাননা জানান। এ সময় মরদেহের ওপর পলিথিন দেওয়া হয়। গার্ড অব অনার শেষে আফছার আলী মণ্ডলের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নজরুল ইসলাম বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা আফছার আলীকে মঙ্গলবার বিকেল ৩টার দিকে গার্ড অব অনার দেওয়া হয়। এ সময় ইউএনও ও থানার ওসিসহ পুলিশ সদস্যরা বৃষ্টিতে ভিজে যান।’
আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা বলেন, ‘মুক্তিযোদ্ধা আফছার আলীকে গার্ড অব অনার দেওয়ার সময় মুষলধারে বৃষ্টি শুরু হয়। আমরা বৃষ্টিতে ভিজেই রাষ্ট্রের অর্পিত দায়িত্ব পালন করেছি।’
ভারপ্রাপ্ত ইউএনও আবিদা খানম বৈশাখী বলেন, ‘রাষ্ট্রীয় সম্মাননা জানানোর সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। তখন বীর মুক্তিযোদ্ধার মরদেহের ওপর পলিথিন দেওয়া হয়। এ সময় আমরা বৃষ্টিতে ভিজে তাঁকে রাষ্ট্রীয় সম্মাননা জানিয়েছি।’
- বিষয় :
- মুক্তিযোদ্ধা