ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

কালভার্ট ভাঙায় যান চলাচল বন্ধ সড়ক গিলছে আগাছায়

কালভার্ট ভাঙায় যান চলাচল বন্ধ সড়ক গিলছে আগাছায়
×

চরউজিলাব ইউনিয়নে দেওয়ানেরচর-বারৈচা সড়কের ভাঙা কালভার্ট সমকাল

বেলাব (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৮:২১

| প্রিন্ট সংস্করণ

বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামের একটি বক্সকালভার্ট ভেঙে গেছে। এই কারণে প্রায় কোটি টাকায় নির্মিত দেওয়ানেরচর-বারৈচা সংযোগ সড়কটি দেড় বছর চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিনেও কালভার্টটি সংস্কার বা নতুন করে নির্মাণ না হওয়ায় দুর্ভোগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

কালভার্টের মাঝের অংশ ভেঙে থাকায় ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যানবাহন চলাচল না থাকায় সড়কের বিভিন্ন অংশে ঘাস-লতাপাতা জন্মেছে। ফলে বিপুল অর্থ ব্যয়ে নির্মিত সড়কটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।
জানা গেছে, চরউজিলাব ইউনিয়নের দেওয়ানেরচর গ্রামের ভেতর দিয়ে দেওয়ানেরচর ঈদগাহ মাঠ সড়ক থেকে বারৈচা-বেলাব সড়ক পর্যন্ত ৮৮৫ মিটার সংযোগ সড়ক নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। ২০২৪ সালের শেষ দিকে এলজিইডির একটি প্রকল্পের আওতায় সড়কটির নির্মাণকাজ শেষ হয়।
বেলাব উপজেলা এলজিইডি কার্যালয়ের তথ্যমতে, ২০২৪ সালে উপজেলার বিভিন্ন স্থানে দুই হাজার ৫৭৫ মিটার সড়ক নির্মাণের একটি প্যাকেজের আওতায় দেওয়ানেরচর গ্রামের ৮৮৫ মিটার সংযোগ সড়ক

নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় এক কোটি তিন লাখ টাকা।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির নির্মাণকাজ শেষ হওয়ার মাত্র চার মাসের মাথায় দেওয়ানেরচর ঈদগাহ মাঠের পাশে থাকা কালভার্টের মাঝের অংশ ভেঙে যায়। এরপর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও কালভার্টটি সংস্কার কিংবা নতুন করে নির্মাণের কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। যানবাহন চলাচল প্রায় বন্ধ থাকায় স্থানীয় কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে। বিশেষ করে কৃষিপণ্য ও বিভিন্ন মালপত্র পরিবহনে স্থানীয়দের বাড়তি সময় ও অর্থ ব্যয় হচ্ছে।
দেওয়ানেরচর গ্রামের বাসিন্দা ও স্কুলশিক্ষক আজিজুল হক বলেন, কালভার্টটি দিয়ে কোনো যানবাহন চলাচল করতে পারে না। এমনকি রিকশা, সিএনজি ও ব্যাটারিচালিত অটোরিকশাও চলতে পারে না। জনগণ যদি সুফলই না পায়, তাহলে কোটি টাকা ব্যয়ে সড়ক নির্মাণের কি দরকার ছিল?

স্থানীয় বাসিন্দারা জানান, বিপুল অর্থ ব্যয়ে নতুন সড়ক নির্মাণের পর সেটি দীর্ঘদিন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে থাকা দুঃখজনক। দ্রুত কালভার্টটি নির্মাণ করা হলে সড়কটি সচল হওয়ার পাশাপাশি এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।
চরউজিলাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম সম্রাটের ভাষ্য, কালভার্টটি অনেক পুরোনো। দেওয়ানেরচর-বারৈচা সংযোগ সড়কের মধ্যে কালভার্টটি জরুরি ভিত্তিতে মেরামত অথবা নতুন করে নির্মাণ করা উচিত। তিনি বলেন, ‘যতটুকু জানি, এলজিইডি অফিস ও পিআইও অফিস কালভার্টটি দ্রুত নির্মাণের চেষ্টা করছে। পাশাপাশি আমিও চেষ্টা করছি।’
বেলাব উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী লোকমান হোসাইন জানান, কালভার্টটি নতুন করে নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। দ্রুতই কাজ করতে পারবেন বলে আশা তাঁর।
 

আরও পড়ুন

×