ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ছেলে নিহত, খবর শুনে স্ট্রোকে মায়ের মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ০৯:২৯
গাজীপুরের কাপাসিয়ায় ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে মো. আতাউর রহমান আতা (৬০) নামে এক চালক নিহত হয়েছেন। ছেলের নিহত হওয়ার খবর শুনে স্ট্রোক করে মারা গেছেন তাঁর বৃদ্ধ মা জহুরা খাতুন (৭৫)।
বৃহস্পতিবার রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আতাউর রহমান বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে যাত্রী পরিবহনের জন্য অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর রহমান। এরপর পরিবারের সদস্যদের সঙ্গে তাঁর আর যোগাযোগ হয়নি। রাত ৮টার পর পাশের সনমানিয়া ইউনিয়নের মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে শিমুলতলী সড়কে একটি লাশ পড়ে থাকার খবর পান স্বজনরা। ঘটনাস্থলে গিয়ে তাঁরা আতাউর রহমানকে শনাক্ত করেন।
স্বজনরা আরও জানান, ছেলের নির্মম হত্যাকাণ্ডের খবর শুনে বাড়িতে থাকা বৃদ্ধ মা জহুরা খাতুন মাটিতে লুটিয়ে পড়েন এবং সেখানেই তাঁর মৃত্যু হয়।
উপজেলার আড়ালিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আতাউর রহমানের মরদেহ উদ্ধার করেছে। তাঁর মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।
- বিষয় :
- ছুরিকাঘাতে হত্যা
- নিহত