নারায়ণগঞ্জে ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ, সড়ক অবরোধ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ১২:৪০ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ১২:৫২
নারায়ণগঞ্জের বন্দরে মামলা তুলে না নেওয়ায় জাহিদ হাসান বুলবুল নামে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে উপজেলার সালেহনগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুলবুল সালেহনগরের রাজা মাস্টারের ছেলে। তিনি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা জানান, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর অরাজক পরিস্থিতির সুযোগ নিয়ে বন্দরের শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত সিফাত ও তার সহযোগীরা বুলবুলের রিকশার গ্যারেজে লুটপাট চালায়। এ ঘটনায় সিফাতকে প্রধান আসামি করে বন্দর থানায় মামলা করেন বুলবুল। মামলা করার পর থেকেই সেটি তুলে নিতে সিফাত ও তার সহযোগীরা তাকে বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সালেহনগর এলাকায় বাড়ির কাছেই বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও হুমকি দেওয়া হয়। এ সময় বুলবুলের সঙ্গে সিফাত ও তার সহযোগীদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে হত্যাকাণ্ডের প্রতিবাদে শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর এলাকায় অবরোধ করেন ইসলামী আন্দোলনের কর্মীরা। এতে মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, হত্যাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
- বিষয় :
- কুপিয়ে হত্যা