ঝিনাইদহে শিক্ষকের ওপর হামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: সমকাল
ঝিনাইদহ ও কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬ | ২০:৪১ | আপডেট: ২১ আগস্ট ২০২৬ | ২০:৪২
ঝিনাইদহের কালীগঞ্জে বড় বায়শা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ওপর হামলা, হয়রানিমূলক মামলা ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষকরা। এসময় তারা ওই শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মব সৃষ্টি করে হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে কালীগঞ্জ উপজেলা পরিষদের সামনে ঝিনাইদহ-যশোর মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন কালীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিহার সুলতানা ও সাধারণ সম্পাদক আলী মুর্তজা রেজা ফিটু। আরও বক্তব্য দেন সহকারী শিক্ষক মোরশেদ হোসেন, আবু তাহের, রফিকুল ইসলাম, রেজাউল করিম, জহির আহসান মোহন ও জিল্লুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, স্কুলে দ্বায়িত্বরত অবস্থায় একজন শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে মব সৃষ্টি করে হামলা চালিয়েছে স্থানীয় লোকজন। ওই শিক্ষকের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একজন শিক্ষককে পূর্বশত্রুতার জেরে ফাঁসানোর জন্যই কথিত অভিযোগ তোলা হয়েছে। আজ শিক্ষকদের কোনো নিরাপত্তা নেই। কখনো অভিভাবক, কখনো এলাকাবাসী, কখনো ম্যানেজিং কমিটির লোকজন, প্রায়ই আমরা দেখছি শিক্ষকদের জিম্মি করে হেনস্তা করা হচ্ছে।
মানববন্ধনে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে স্থানীয় সমাজসেবক জহির হাসান মোহন বলেন, একটি অভিযোগ তুলে কোনো তদন্ত ছাড়া মব করে বেধড়ক মারধর করা হয়েছে। যারা হামলা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি। শিক্ষকদের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নিহার সুলতানা বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। মব সৃষ্টি করে যারা হামলা চালিয়েছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। অন্যথায়, জেলার শিক্ষক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
প্রসঙ্গত, ঝিনাইদহের কালীগঞ্জে বড় বায়শা প্রাথমিক বিদ্যালয়ের এক ছাত্রীকে নিপীড়নের অভিযোগ তুলে স্কুল শিক্ষক শাহ আলমের ওপর হামলা চালায় স্থানীয় ১০ থেকে ১২ জন। পরে অবরুদ্ধ ওই শিক্ষককে উদ্ধার করে পুলিশ। ওই ঘটনায় পরে শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে।
- বিষয় :
- ঝিনাইদহ