ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমে পরিবর্তন হয়নি: ড. ইফতেখারুজ্জামান

জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমে পরিবর্তন হয়নি: ড. ইফতেখারুজ্জামান
×

বরিশাল ব্যুরো

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২২:০৮

জুলাই গণঅভ্যুত্থানের পর গণমাধ্যমে যে পরিবর্তন হওয়ার কথা ছিল, পলিটিক্যাল সিস্টেমের (রাজনৈতিক ব্যবস্থার) কারণে সেটা হয়নি বলে মন্তব্য করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। শনিবার বরিশাল নগরীর একটি হোটেলে অনুষ্ঠিত ‘দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ড. ইফতেখারুজ্জামান বলেন, আমরা আশা করেছিলাম, গণঅভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কারের পাশাপাশি গণমাধ্যম সংস্কার হবে। গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদনে কিছু দুর্বলতা থাকতে পারে। কিন্তু যেসব সুপারিশ করা হয়েছে, সেগুলো যদি অন্তর্বর্তী সরকার ও বর্তমান সরকার তাদের অঙ্গীকার অনুযায়ী বিন্দুমাত্র গুরুত্ব দিয়ে কিছু উদ্যোগ নিত, তাহলে গণমাধ্যমের বিদ্যমান সমস্যাগুলোর কিছু সমাধান হতো। 

তিনি প্রশিক্ষণার্থী গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বলেন, আমাদের কাজের প্রচার-প্রসার ও আমাদের কাজের মাধ্যমে সুফল পাওয়ার সম্ভাবনার ক্ষেত্রগুলো আসে গণমাধ্যম থেকে। আমরাও গণমাধ্যমের ওপর নির্ভরশীল অনেক ক্ষেত্রে। দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় আমাদের পাশাপাশি গণমাধ্যমের যে সুনির্দিষ্ট ভূমিকা আছে, সেটি প্রতিপালন করার সক্ষমতা সৃষ্টি এবং কাজের লক্ষ্য অর্জনে গণমাধ্যম সহায়ক ভূমিকা রাখতে পারবে বলে মনে করি। 

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার ৪১ জন সাংবাদিক অংশ নেন। এর আগে বেলা ১১টায় ড. ইফতেখারুজ্জামান সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ও অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন। সেখানে তিনি বলেন, দুর্নীতি প্রতিরোধে শুধু প্রতিষ্ঠানগত উদ্যোগ যথেষ্ট নয়। নাগরিকদের সচেতনতা, সক্রিয় অংশগ্রহণ ও সামাজিক জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগকে সমান গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন

×