সিলেটে মাদক, জুয়া ও কিশোর গ্যাং দেখতে চাই না: বাণিজ্যমন্ত্রী
ছবি- সমকাল
সিলেট ব্যুরো
প্রকাশ: ২২ আগস্ট ২০২৬ | ২২:১৬ | আপডেট: ২২ আগস্ট ২০২৬ | ২২:১৬
সিলেটে কোনো ধরনের মাদকের আনাগোনা, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা দেখতে চান না বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার দুপুরে সিলেট পুলিশ কমিশনারের কার্যালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘সিলেটের আইনশৃঙ্খলা কেমন আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা কেমন আইনশৃঙ্খলা দেখতে চাই। প্রথমত, সিলেটে মাদক, দ্বিতীয়ত, অনলাইন জুয়া এবং তৃতীয়ত, কিশোর গ্যাংয়ের কোনো স্থান হবে না। অপরাধ নির্মূলে আইনের আওতায় যা করা দরকার, সবই করা হবে।’
বৈঠকে অন্যান্যের মধ্যে সিলেট-৬ আসনের এমপি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জালালাবাদ গ্যাসের পরিচালক মো. বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মার্কিন যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এটি কেবল বাংলাদেশের জন্য নয়; এটি একটি পারস্পরিক শুল্ক যা বিশ্বব্যাপী প্রয়োগ করা হয়েছে। বাংলাদেশের ওপর আরোপিত ১০ শতাংশ ট্যারিফ সর্বনিম্ন হারগুলোর একটি।’
তিনি জানান, মার্কিন বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে এবং কিছু প্রয়োজনীয় পরামর্শ দিয়েছে, যা সরকার বিবেচনা করছে। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীরাও বাংলাদেশে বিনিয়োগ এবং সীমান্ত স্থলবন্দরগুলো পুরোদমে চালুর আগ্রহ দেখিয়েছেন। ভারতীয় ব্যবসায়ীরা কাঁচামালের খরচ কমাতে অবকাঠামো খাতে বিনিয়োগে একটি ‘টাস্কফোর্স’ ও ডিজিটাল অবকাঠামো তৈরিতে একটি ‘ট্রাস্ট’ গঠনের প্রস্তাব দিয়েছেন।
দেশের ২৭ বিলিয়ন ডলারের বেশি বাণিজ্য ঘাটতি নিয়ে মন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকেই দেশে আমদানির পরিমাণ বেশি। তবে অর্থনীতির আকারের সাথে বাণিজ্যের সামঞ্জস্য রাখা জরুরি। ভিয়েতনামের উদাহরণ টেনে তিনি বলেন, ভিয়েতনামের মোট বাণিজ্য প্রায় ৮০০ বিলিয়ন ডলার, যা বাংলাদেশে ৬০০ বিলিয়ন ডলারের কাছাকাছি। রপ্তানি বাড়লে দেশের অর্থনীতির গতি আরও বৃদ্ধি পাবে।
তবে মূল্যস্ফীতি ও সরকারি চাকরিজীবীদের জীবনমান সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী কিছুটা রসিকতা করে বলেন, এটি মাননীয় অর্থমন্ত্রীর বিষয়। তিনি মূল্যস্ফীতির চাপ বিবেচনাতেই সিদ্ধান্ত নেবেন।
ওসমানী বিমানবন্দরে বিসিক সেন্টারের উদ্বোধন
এর আগে সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নতুন 'ডিসপ্লে ও সেলস সেন্টার' উদ্বোধন করেন মন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, জাতীয় অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতের বর্তমান অবদান ৩৪ শতাংশ, যা সরকার ৫০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব শিল্পের স্বার্থে সরকার ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এতে শিল্প খাতের লোডশেডিং সংকট অনেকটাই কেটে যাবে। এছাড়া গ্যাসের বিকল্প হিসেবে রাইস হাস্ক (ধানের তুষ) ও কয়লা ব্যবহারের রূপরেখা তৈরি করা হচ্ছে।
সিলেটের ঐতিহ্যবাহী ক্ষুদ্র ও কুটির শিল্পপণ্য দেশ-বিদেশে ছড়িয়ে দিতে এবং স্থানীয় উদ্যোক্তাদের সহায়তায় এই প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রটি বড় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। পরে মন্ত্রী বিসিক-৩ এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন।
- বিষয় :
- বাণিজ্যমন্ত্রী