ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বসতঘরে দুর্বৃত্তের আগুন, বেড়া কেটে প্রাণে বাঁচলেন দম্পতি

বসতঘরে দুর্বৃত্তের আগুন, বেড়া কেটে প্রাণে বাঁচলেন দম্পতি
×

পুড়ে যাওয়া ঘর

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০০:৩৭

দরজা বাইরে থেকে আটকে পেট্রোল ঢেলে বসতঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। ঘরের বেড়া কেটে বাইরে বেরিয়ে প্রাণে রক্ষা পেয়েছেন দম্পতি। স্বামী লাল মিয়া আগুনে দগ্ধ হয়েছেন তবে অক্ষত রয়েছেন স্ত্রী মোসাম্মৎ বেগম। শুক্রবার রাত ৩টার দিকে টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর উখারিয়াচালা এলাকায় এ ঘটনা ঘটে। 

প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা রাত ৩টার দিকে দেখতে পান, ঘরের দরজা বাইরে থেকে জিআই তার দিয়ে আটকানো। এ সময় লাল মিয়া ও তাঁর স্ত্রীর কান্নার শব্দে ছুটে এসে দেখেন ঘরের চারদিক আগুন। পরে সকলের সহযোগিতায় তাঁকে উদ্ধার করা হয়েছে। তবে তাঁর স্ত্রী অক্ষত রয়েছেন।

ভুক্তভোগী লাল মিয়া বলেন, প্রতিবেশী কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে এবং আদালতে মামলা চলছে। দুই দিন আগেও তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। 

তাঁর বড় ভাই শফিকুল ইসলাম জানান, রাত ৩টার দিকে লাল মিয়ার বাড়ি থেকে বাঁচাও বাঁচাও শব্দ কানে আসে। বাইরে বেরিয়ে দেখেন ঘরের চারদিকে আগুন। দৌঁড়ে গিয়ে দেখেন জিআই তার দিয়ে দুটি দরজাই আটকে রাখা। ওই সময় ঘরে থাকা দা-বঁটি দিয়ে টিনের বেড়া কেটে বের হওয়ার চেষ্টা করেন তার ভাই। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে লাল মিয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। আগুনে শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

প্রতিবেশীদের ধারণা, লাল মিয়ার সঙ্গে একটি পরিবারের দীর্ঘদিন ধরে মামলা চলছে। এর জের ধরেই ঘরের চারপাশে পেট্রোল বা কেরোসিন দিয়ে আগুন দিতে পারে। লাল মিয়ার ভাতিজার ঘরের দরজাও জিআই তার দিয়ে বাইরে থেকে বাঁধা ছিল।

সখীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা রতন রায় বলেন, রাত ৩টার পর জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরে ফোন পেয়ে ঘটনাস্থলে যান তারা। ততক্ষণে ঘরটি আগুনে পুড়ে গেছে। অনেক দেরিতে খবর পেয়েছেন বলে দাবি তার।

সখীপুর থানার ওসি মুরাদ হোসেন সমকালকে জানান, এই ঘটনায় তদন্ত চলছে। তবে এখনও কাউকে শনাক্ত করা যায়নি। লিখিত অভিযোগ পেলেই আইনি পদক্ষেপ নেওয়া হবে।
 

আরও পড়ুন

×