ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

আলো ও শৌচাগারহীন টার্মিনালে যাত্রী ভোগান্তি

আলো ও শৌচাগারহীন টার্মিনালে যাত্রী ভোগান্তি
×

 সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:১৯

| প্রিন্ট সংস্করণ

দীর্ঘ প্রতীক্ষার পর গত বছরের সেপ্টেম্বরে ৮৮ লাখ টাকা ব্যয়ে উদ্বোধন করা হয়েছিল সুনামগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল। শহরের প্রধান সড়ক থেকে বাস সরিয়ে যানজট কমানো ও যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই ছিল এর লক্ষ্য। তবে উদ্বোধনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও সেই প্রত্যাশার বাস্তবায়ন ঘটেনি। পর্যাপ্ত আলোর অভাব, শৌচাগারের অপ্রতুলতা এবং নিরাপত্তা সংকটে ভুগছে এই টার্মিনালটি।
সম্প্রতি টার্মিনালের একাংশে ৪২ লাখ ৮ হাজার ৫০০ টাকা ব্যয়ে আরসিসি পাকা সড়ক নির্মাণ করায় যান চলাচলের পরিবেশ কিছুটা উন্নত হলেও যাত্রীসেবার মানে কোনো পরিবর্তন ঘটেনি।

রাতের বেলা পুরো টার্মিনাল এলাকা অন্ধকারে ডুবে থাকে। আলো না থাকায় বাস থেকে ব্যাটারি, তার, চাকা, ব্রাশ ও বালতি চুরি নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। সুনামগঞ্জ-সিলেট সড়কের বাসচালক সুভাষ দেব ও এরশাদ মিয়া জানান, চুরি ঠেকাতে রাতে বাধ্য হয়ে চালক-সহকারীদেরই বাসে ঘুমাতে হয়। বাসের নিরাপত্তার জন্য স্থায়ী পাহারাদার ও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জোর দাবি জানান তারা।
টার্মিনালের সবচেয়ে জরুরি সুবিধাগুলোর একটি হলো স্বাস্থ্যসম্মত শৌচাগার। তবে কেন্দ্রীয় বাস টার্মিনালে সেটি না থাকায় ব্যাপক ভোগান্তিতে পড়ছেন দূর-দূরান্তের যাত্রীরা। অন্যদিকে, টার্মিনাল থাকা সত্ত্বেও চালকরা প্রধান সড়কে বাস দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা করাচ্ছেন। এতে ব্যস্ত সময়ে শহরের মূল রাস্তায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে।
বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. জুয়েল মিয়া জানান, টার্মিনালটি আধুনিকায়নের জন্য স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম ও জেলা পরিষদ প্রশাসকের মাধ্যমে একটি প্রকল্পের পরিকল্পনা চলছে। 
সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী টার্মিনালের আধুনিকায়নে কাজ শুরু হয়েছে বলে জানান।

আরও পড়ুন

×