কাউনিয়ায় সড়কের পাশে রাজমিস্ত্রীর গলাকাটা মরদেহ, স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রতীকী ছবি
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৪:২২
রংপুরের কাউনিয়ায় সড়কের পাশে পড়ে থাকা অবস্থায় সিদ্দিক মিয়া (৩৮) নামে এক রাজমিস্ত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরকীয়ার জেরে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রংপুর মহানগর পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার হারাগাছ পৌর এলাকার চরচতুরা গ্রামের বাসিন্দা সিদ্দিক মিয়া পেশায় রাজমিস্ত্রী ছিলেন। রোববার (২৩ আগস্ট) সন্ধ্যার পর তিনি বাড়ি থেকে বের হয়ে লালমনিরহাট সদরের উদ্দেশে যান। রাত আনুমানিক ৯টার দিকে পরিবারের সদস্যরা জানতে পারেন, সিদ্দিককে গলা কেটে হত্যা করে কে বা কারা রাস্তার পাশে ফেলে রেখেছে।
খবর পেয়ে হারাগাছ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
এ ঘটনায় নিহতের বড় ভাই তাজুল ইসলাম বাদী হয়ে হারাগাছ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে সিদ্দিক মিয়ার সঙ্গে পরকীয়ার সম্পর্কের বিষয়টি সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে হারাগাছ এলাকার সাজু মিয়ার স্ত্রী মুন্নি বেগম (৩০) ও তার স্বামী সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়।
হারাগাছ থানার ওসি অশোক চৌহান বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় মুন্নি বেগম ও তার স্বামী সাজু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
- বিষয় :
- রংপুর
- মরদেহ উদ্ধার