একই দাগের ভিন্ন খতিয়ানের জমি উচ্ছেদের অভিযোগ
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬ | ০৮:২৩
| প্রিন্ট সংস্করণ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে আদালতের রায়ের ভিত্তিতে পরিচালিত উচ্ছেদ অভিযান নিয়ে গুরুতর অভিযোগ উঠেছে। গত রোববার বিকেলে স্থানীয় একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা এসব তথ্য জানান। তাদের অভিযোগ, একই দাগের ভিন্ন খতিয়ানের জমিতে গত ১৯ আগস্ট উচ্ছেদ অভিযান চালানো হয়। এতে তাদের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
সংবাদ সম্মেলনে উপজেলার কাস্তুল ইউনিয়নের কাস্তুল গ্রামের আব্দুল হাসিম মিয়া, খোকন মিয়া, জহিরুল ইসলাম লিখিত বক্তব্য দেন। এতে তারা জানান, কাস্তুল ইউনিয়নের বাসিন্দা মোছা.
হাজেরা খাতুন (৪৫) কাস্তুল মৌজার ৪২৩ দাগের ৩০১ খতিয়ানের জমি-সংক্রান্ত বিষয়ে আদালত থেকে উচ্ছেদের ডিক্রি পান। ওই রায়ের ভিত্তিতে বাজিতপুর দেওয়ানি আদালতের নাজির মো. মাহাবুব হোসেন ও তাঁর সহকারী সাদিকুর রহমানের নেতৃত্বে গত ১৯ আগস্ট উচ্ছেদ অভিযান চালান।
তাদের অভিযোগ, অভিযান পরিচালনার আগে-সংশ্লিষ্ট জমির দাগ, খতিয়ান ও মৌজা ম্যাপ যথাযথভাবে যাচাই করা হয়নি। ফলে আদালতের রায়ে উল্লিখিত ৪২৩ দাগের ৩০১ খতিয়ানের জমির পরিবর্তে একই দাগের ৩০২ খতিয়ানের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের ছয়টি বসতঘর ভেঙে ফেলা হয়। পাশাপাশি ঘরের ভেতরে থাকা ধান, আসবাব ও অন্যান্য পণ্যের ক্ষতি হয়। সব মিলিয়ে তাদের ২০-২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
হাসিম মিয়া বলেন, আদালতের রায়ের প্রতি তাদের আপত্তি নেই। তবে রায়ে নির্ধারিত জমির পরিবর্তে অন্য খতিয়ানের জমিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়ে থাকলে তদন্ত করে প্রকৃত ঘটনা বের করা প্রয়োজন। সরেজমিন জমি পরিমাপ করে ৪২৩ দাগের ৩০১ ও ৩০২ খতিয়ানের অবস্থান, সীমানা ও সংশ্লিষ্ট মৌজা ম্যাপ যাচাইয়ের দাবি জানান তিনি। পাশাপাশি প্রকৃত ক্ষয়ক্ষতি নিরূপণ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান তাঁর।
এ বিষয়ে গতকাল সোমবার বাজিতপুর আদালতের নাজির মাহবুব হোসেন জানান, ‘আমরা আমাদের কাগজের ম্যাপ অনুযায়ী জায়গা পরিষ্কার করেছি। এখানে ঘর ভাঙা হলেও কোনো লুটপাট হয়নি।’ তাঁর অভিযোগ, উভয়পক্ষের ঝামেলার কারণে পাল্টাপাল্টি অভিযোগ করে পরিবেশ নষ্ট করছে। কাগজ ও স্ক্যাচ ম্যাপে যে দাগ খতিয়ান ছিল, সেই মোতাবেক উচ্ছেদ করা হয়েছে। বাদী পক্ষ অন্য দাগ দেখিয়েছে বলে পরে জানতে পারেন। তবে উচ্ছেদ অভিযান সঠিক ছিল।
- বিষয় :
- অভিযোগ