ঢাকা বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

যশোরে মাকে হত্যার অভিযোগ স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে

যশোরে মাকে হত্যার অভিযোগ স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে
×

অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ

যশোর অফিস

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬ | ২১:১৩

যশোরে ধারালো বটি দিয়ে নিজের মাকে শিরশ্ছেদ করে হত্যার অভিযোগ উঠেছে স্কুলশিক্ষক ছেলের বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম (৫৮) বাজে দুর্গাপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক আলতাফ হোসেন মাস্টারের স্ত্রী। অভিযুক্ত ছেলে মো. মামুনুর রশিদ ওরফে মামুন (৪০) লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মামুন এর আগে দুটি বিয়ে করেছিলেন। উভয় স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তাঁর বিবাহবিচ্ছেদ হয়। মামুন তাঁর মাকে স্ত্রীদের সঙ্গে বিচ্ছেদের জন্য দায়ী করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে তাঁর বিরোধ ও মারামারির ঘটনা ঘটেছিল।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি দুই থেকে তিন মাস চিকিৎসাধীন ছিলেন।

স্থানীয়রা জানান, মামুন দীর্ঘদিন ধরে বাড়িতে থাকতেন না। প্রায় পাঁচ বছর পর বৃহস্পতিবার তিনি বাড়িতে ফেরেন। বিকেলে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে মামুন উত্তেজিত হয়ে ধারালো বটি দিয়ে মায়ের গলায় কয়েকটি কোপ দেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু হয়। পরে মামুন পালিয়ে যান।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুম খান বলেন, পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×