মৌলভীবাজার
বিজিবি-চোরাকারবারি গোলাগুলি বিনিময়: পিস্তল, গুলিসহ ভারতীয় আটক
আটক বলাই দাস
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৯:২১
মৌলভীবাজারের বড়লেখার কুমারশাইল সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় আহত অবস্থায় বলাই দাস নামে এক ভারতীয় নাগরিককে আটক করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
সিলেট-৫২ বিয়ানীবাজার ব্যাটালিয়ন সূত্র জানায়, বড়লেখা উপজেলার সীমান্তবর্তী কুমারশাইল এলাকা দিয়ে একটি চোরাকারবারি দল বাংলাদেশে অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্যের চালান প্রবেশের চেষ্টা করছে। এ ধরনের সংবাদ পেয়ে বিজিবির একটি দল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে কুমারশাইল এলাকায় সতর্ক অবস্থান নেয়, এবং সেখানে অভিযান চালায়।
ওই সময় সন্দেহভাজনভাবে চলাফেরা লোকদের চ্যালেঞ্জ করলে তখন তারা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়। তখন সহযোগীদের অনেকে পালিয়ে যেতে সক্ষম হলেও ভারতীয় নাগরিক আহত বলাই দাসকে (৩৫) আটক করা হয়। শরীর তল্লাশি করে তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ২২ বোরের ২ রাউন্ড গুলি ও ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার শেষে জব্দ করা হয়।
আটক বলাই দাস বর্তমানে বিজিবির হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান জানান, বিদেশি পিস্তল, গুলি, ইয়াবা ট্যাবলেটসহ ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে। অভিযানের সময় পালিয়ে যাওয়া ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আর জানান, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করেছে বিজিবি।
- বিষয় :
- মৌলভীবাজার