কক্সবাজারে হোটেল পার্কিং থেকে বিলাসবহুল ৩ গাড়ি জব্দ, বৈধ কাগজপত্র নেই
বৃহস্পতিবার হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি গাড়ি জব্দ করা হয়। ছবি: সংগৃহীত
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ২১:৫২ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ২১:৫৬
কক্সবাজারের একটি হোটেলের পার্কিং থেকে তিনটি গাড়ি জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। গাড়িগুলোর আমদানিবিষয়ক কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় জব্দ করা হয়।
শুক্রবার বিকেলে হোটেল ওশান প্যারাডাইসের হলরুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের অতিরিক্ত মহাপরিচালক রেজভী আহম্মেদ।
তিনি জানান, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে হোটেল ওশান প্যারাডাইসের পার্কিং এলাকায় অভিযান চালিয়ে তিনটি গাড়ি জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর ব্যবহারকারীরা আমদানিবিষয়ক প্রয়োজনীয় দলিল এবং গাড়ি কেনার বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারেননি।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, গাড়িগুলো শুল্ক ফাঁকি, মিথ্যা ঘোষণা, জালিয়াতি কিংবা চোরাচালানের মাধ্যমে দেশে আনা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জব্দ করা গাড়িগুলোর বিষয়ে বিস্তারিত অনুসন্ধান ও আইনি কার্যক্রম চলমান রয়েছে।
জিজ্ঞাসাবাদে গাড়িগুলোর সঙ্গে থাকা ব্যক্তিরা দাবি করেছেন, গাড়িগুলো তারা তাদের বাবার কাছ থেকে উপহার হিসেবে পেয়েছেন। তবে এই দাবির সত্যতা নথিপত্র যাচাই করে দেখা হবে বলে জানিয়েছেন রেজভী আহম্মেদ।
তিনি বলেন, গাড়ির সঙ্গে থাকা তিনজনকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন– মোহাম্মদ হাসিবুর রহমান সিনহা, মোহাম্মদ সাফিয়াত মাহমুদ ও মোহাম্মদ সারাফাত রহমান ঈশান।
তাদের জন্মনিবন্ধন ও পাসপোর্টের তথ্য সংগ্রহ করা হয়েছে এবং হোটেলের সিসিটিভি ফুটেজও নেওয়া হয় বলে জানান তিনি। তবে জব্দ গাড়িগুলোর প্রকৃত মালিক কে, সে বিষয়ে এখনই কিছু বলতে রাজি হননি শুল্ক গোয়েন্দার এই কর্মকর্তা।
- বিষয় :
- কক্সবাজার