সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়: আইনমন্ত্রী
জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সমকাল
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১০:০৫
সরকারের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, প্রত্যেক গ্রামেই চাকরিজীবী আছেন। তারা যদি নিজ নিজ গ্রামের ডোবা ও জলাশয়ে কিছু টাকা দিয়ে মাছের পোনা অবমুক্ত করেন, তাহলে গ্রামের মানুষের মাছের চাহিদা পূরণ হবে এবং মাছের দামও কমবে।
শনিবার সকালে নিজ গ্রাম ঝিনাইদহের শৈলকুপার বারইপাড়ায় পড়ে থাকা সরকারি জলাশয়ে গ্রামবাসীর পুষ্টির চাহিদা মেটাতে মাছের পোনা অবমুক্ত করার পরে এসব কথা বলেন আইনমন্ত্রী।
তিনি বলেন, এই মাছ ব্যক্তিগত নয়। গ্রামের সবাই এ মাছের ভাগীদার। যারা এসব মাছ পাহারা দেবেন, তারা যেন ‘বিড়াল’ হয়ে না যান।
এ ছাড়া গ্রামের প্রতিটি রাস্তার পাশে তালের চারা ও ফলজ গাছ লাগানোর অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, আশা করি এ প্রকল্প থেকে অন্য গ্রামের মানুষও শিক্ষা নিয়ে নিজেদের এলাকার মাছের চাহিদা পূরণে এগিয়ে আসবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, জজ কোর্টের পিপি আব্দুল মান্নান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির মোল্যা, রোটেক্স ফাউন্ডেশনের পরিচালক রোকনুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
- বিষয় :
- আইনমন্ত্রী
- মো. আসাদুজ্জামান
- সরকার
- ঝিনাইদহ