ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিভেদ সৃষ্টি না করে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

বিভেদ সৃষ্টি না করে ঐক্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী
×

মতবিনিময় সভায় বক্তব্য দেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:৪৫ | আপডেট: ২৯ আগস্ট ২০২৬ | ১৭:৪৫

মানুষের মধ্যে সত্য, ন্যায়, সততা ও তাকওয়ার শিক্ষা ছড়িয়ে দেওয়ার জন্য আরও কার্যকর ভূমিকা পালনে আলেম-ওলামাদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেন, ‘মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি না করে ঐক্য, ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে হবে। ধর্মীয় জ্ঞানকে মানুষের কল্যাণে কাজে লাগাতে হবে।’ 

আজ শনিবার চট্টগ্রাম ইমাম প্রশিক্ষণ অ্যাকাডেমির মিলনায়তনে আলেম-ওলামা, কর্মকর্তা এবং কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নৈতিক সমাজ প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; মানুষের নৈতিক ও চারিত্রিক উন্নয়নও প্রয়োজন। আর এই জায়গায় ইমাম ও আলেম-ওলামাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়, এটি মানুষের নৈতিক ও সামাজিক শিক্ষারও গুরুত্বপূর্ণ কেন্দ্র। ইমামদের খুতবা, ওয়াজ ও ধর্মীয় আলোচনার মাধ্যমে সমাজে মাদক, সন্ত্রাস, দুর্নীতি, অন্যায়, অসততা ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করা সম্ভব।’ এ সময় তিনি দেশের অর্থনৈতিক সীমাবদ্ধতাকে শক্তিতে পরিণত করার আহ্বানও জানান।

চট্টগ্রাম বিভাগের ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোস্তফা মনসুর আলম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, কর্মচারী আলেম-ওলেমারা উপস্থিত ছিলেন।
 

আরও পড়ুন

×