দোকান বসানো নিয়ে বিরোধ
বিএনপি কর্মীর মারধরে যুবদল নেতার মৃত্যু
প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০০:২৭
চট্টগ্রামের চান্দগাঁওয়ে ফুটপাতে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে বিরোধের জেরে ফজল আমিন (৫৫) নামে এক যুবদল নেতাকে মারধরের পর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে নগরের চান্দগাঁও থানার ওমর আলী মাতবর সড়কে এ ঘটনা ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
নিহত ফজল আমিন নগরের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় তাঁর ছেলে জোবায়ের হক ইনান বাদী হয়ে চান্দগাঁও থানায় মামলা করেছেন। মামলায় মো. শাহজাহানকে প্রধান আসামি করে আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। শাহজাহান বিএনপির কর্মী বলে জানা গেছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে ফজল আমিনের ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ, বিএনপি কর্মী শাহজাহান ফুটপাত ও রাস্তায় ভ্রাম্যমাণ দোকান বসানোর সুযোগ দিয়ে চাঁদা আদায় করতেন। কয়েকদিন আগে স্থানীয়দের এক বৈঠকে এলাকার একটি স্কুলের সামনে ভ্রাম্যমাণ দোকান না বসানোর সিদ্ধান্ত হয়। তবে শুক্রবার সেখানে ফের দোকান বসানো হলে এ নিয়ে ফজল আমিনের সঙ্গে শাহজাহানের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহজাহান ও তাঁর অনুসারীরা আমিনকে মারধর করেন বলে অভিযোগ পরিবারের।
নিহতের ছেলে জোবায়ের হক ইনান বলেন, স্কুলের সামনে ভ্যান বসানোর কারণে শিক্ষার্থী ও যানবাহন চলাচলে সমস্যা হচ্ছিল। শুক্রবার আবার ভ্যান বসানো হলে তাঁর বাবা কেন ভ্যান বসানো হয়েছে জানতে চান। এ সময় শাহজাহান ও তাঁর ছেলে তাঁর বাবার বুকে আঘাত করে মারধর করেন। তাঁর বাবার আগে ওপেন হার্ট সার্জারি হয়েছিল। এ ঘটনায় তিনি তাঁদের বিরুদ্ধে মামলা করেছেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ) কাজী মো. বিধান আবিদ বলেন, ওমর আলী মাতবর সড়কে ফজল আমিনকে ধাক্কা দেওয়ার পর তিনি অসুস্থ বোধ করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।