ঝিনাইদহে আইনমন্ত্রী
মক্কা চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে সিদ্ধান্ত হবে বিবেচনা করে
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৮:৩৮
| প্রিন্ট সংস্করণ
মক্কা চুক্তিতে বাংলাদেশ যুক্ত হবে কিনা– সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার। আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এ মন্তব্য করেছেন। তিনি আরও বলেছেন, ‘ভারত তাদের পররাষ্ট্রনীতি অনুযায়ী কাজ করবে; আমরা আমাদের নীতি অনুযায়ী কাজ করবে।’
গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ কালেক্টরেট স্কুলে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
জেলা প্রশাসক মো. নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
আইনমন্ত্রী বলেন, ডাক্তার-ইঞ্জিনিয়ার যা-ই হোন না কেন; রাজনীতির পাঠশালা হলো আপনার জীবন বদলে দেওয়ার জন্য সবচেয়ে বড় পাঠশালা। তিনি আরও বলেন, ‘বাংলাদেশের গণতন্ত্র ফেরাতে গত ১৬ থেকে ১৭ বছরে ফ্যাসিস্টরা আমাদের সাড়ে চার হাজারের বেশি সহযোদ্ধাকে ক্রসফায়ারে হত্যা করেছে। আমাদের অপরাধ ছিল, আমরা গণতন্ত্র চেয়েছিলাম; আমার ভোট আমি দিতে
চেয়েছিলাম। একটি দাবির জন্য এত মানুষকে স্বজনহারা হতে হয়েছে।’
চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আইনমন্ত্রী বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করার নিরন্তর চেষ্টা করে যাচ্ছে।
এর আগে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- আইনমন্ত্রী