বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ট্রেনে কাটা পড়ে প্রাণ হারানো পম্পী বড়ুয়া। ছবি: সংগৃহীত
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:১৯ | আপডেট: ৩০ আগস্ট ২০২৬ | ১৮:২০
চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ রোববার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩ নম্বর পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পম্পীর সঙ্গে থাকা ভ্যানিটি ব্যাগে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কিডনি রোগ বিভাগের একটি ছাড়পত্র পাওয়া যায়। চলতি বছরের ২০ জানুয়ারি ছাড়পত্রটি ইস্যু করা হয়েছিল। ওই ছাড়পত্রের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়। এতে বাবা/স্বামীর নাম জুয়েল বড়ুয়া, গ্রামের বাড়ি রাউজান উল্লেখ রয়েছে।
নিহত পম্পী বড়ুয়া রাউজান উপজেলার গজারিয়া এলাকার ভাগ্যধন (ননায়) বড়ুয়ার মেয়ে। হাসপাতালের ছাড়পত্রে স্বামীর নাম জুয়েল উল্লেখ থাকলেও জুয়েল পম্পীর ভাই দাবি করে বলেন, পম্পীর সঙ্গে পাঁচ বছর আগে একই উপজেলার ইদিলপুর গ্রামের স্ববীন বড়ুয়া বুলবুলের বিয়ে হয়েছিল।
জুয়েল বড়ুয়া জানান, চাকরির সন্ধানে এক দিন আগে পম্পী চট্টগ্রাম নগরে এসেছিলেন। একটি গার্মেন্টসে কয়েক ঘণ্টা চাকরির ইন্টারভিউ দেওয়ার পর তাকে জানানো হয়, তার চাকরি হয়েছে এবং পরদিন কাজে যোগ দিতে হবে। আজ রোববার কাজে যোগ দিতে গেলে তাকে জানানো হয়, তার চাকরি হয়নি।
জুয়েল আরও বলেন, এরপর পথে ছিনতাইকারীরা পম্পীর হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটি নিয়ে যায়। পরে অন্য একটি নম্বর থেকে আমাকে ফোন করে সে বিষয়টি জানায়। শেষে বলে, ‘ভালো থাকিস। এটাই ছিল পম্পীর সঙ্গে আমার শেষ কথা।
স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে ছড়ে আসা চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পীর মৃত্যু হয়।
গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা প্রবাল এক্সপ্রেস ট্রেনটি দুপুর আড়াইটার দিকে গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে। এরপর এক নারী ট্রেনে কাটা পড়েছেন বলে তিনি জানতে পারেন। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে নিয়ে যান।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর রেললাইন থেকে মরদেহ সরানোর কাজ চলছিল। এ কারণে কক্সবাজার থেকে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস বিকেল পৌনে ৪টার দিকে এসে দাঁড়িয়ে যায়। লাইন পরিষ্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ৪৫ মিনিট সময় লেগে যায়।
- বিষয় :
- চট্টগ্রাম