ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বৃদ্ধা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার

বৃদ্ধা হত্যা মামলায় আরেক আসামি গ্রেপ্তার
×

আমির হোসেন

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ০২:৩৭

দেবিদ্বারে ফরিদা ইয়াসমিন হত্যা মামলার আসামি আমির হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বিকেলে মুন্সীগঞ্জ সদরের পঞ্চসার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক সাগর বড়ুয়া। গ্রেপ্তার আমির হোসেন দেবিদ্বার পৌরসভার চাপানগর এলাকার জহিরুল ইসলামের ছেলে।

জানা গেছে, গত ১ আগস্ট ফরিদা ইয়াসমিনের দে‌বিদ্বার পৌরসভার ছোট আলমপুরের পূর্বাশা আবাসিক এলাকার বাসার একটি কক্ষ ভাড়া নেন প্রধান আসামি লাইলী আক্তার। ৭ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিন বাসায় একা থাকার সুযোগে লাইলী আক্তার তাঁর সহযোগী আমির হোসেন, সোহেল রানা ও রবিউল ইসলামকে ডেকে নেন। তারা ঘরে ঢুকে ফরিদা ইয়াসমিনকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

হত্যাকাণ্ড ধামাচাপা দিতে এবং আলামত নষ্ট করার উদ্দেশ্যে ঘাতকরা মরদেহ খণ্ড-বিখণ্ড করে পলিথিন ব্যাগে মুড়িয়ে বাড়ির পেছনে ও পাশের ডোবায় ফেলে দেয়। এরপর তারা নগদ টাকা এবং স্বর্ণালঙ্কার লুট করে চম্পট দেয়। পর দিন ৮ আগস্ট বিকেল থেকে পর্যায়ক্রমে পলিথিনে মোড়ানো ১৩ পোটলা খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় ভুক্তভোগীর স্বামী মফিজুল ইসলাম ভূঁইয়া বাদী হয়ে লাইলী আক্তার ও আমির হোসেনসহ চারজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা করেন। এর আগে ৮ আগস্ট ঘটনাস্থল থেকে প্রধান আসামি লাইলী আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ।

দেবিদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহিন মিয়া জানান, গ্রেপ্তার আমির হোসেনকে নিবিড় জিজ্ঞাসাবাদ করা হবে। এর আগে গ্রেপ্তার হওয়া প্রধান আসামি লাইলী আক্তার আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। মামলার বাকি পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
 

আরও পড়ুন

×