ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

‘মাদ‌কের হটস্পট’ হাজি মাজার ব‌স্তি গুঁড়িয়ে দিল রাজউক

‘মাদ‌কের হটস্পট’ হাজি মাজার ব‌স্তি গুঁড়িয়ে দিল রাজউক
×

টঙ্গী (গাজীপুর) প্রতি‌নি‌ধি

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬ | ২২:০৩

গাজীপুরের টঙ্গীর মাদকের হটস্পট হিসেবে পরিচিত হাজি মাজার বস্তিতে  উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ব‌স্তির অবৈধ স্থাপনা গুঁড়ি‌য়ে‌ দেওয়া হ‌য়ে‌ছে। সোমবার বেলা সাড়ে ১১টায় টঙ্গী বাজার কলকারখানা অধিদপ্তর সংলগ্ন এলাকায় রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান হয়।
রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়াত হোসেনের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গীর হাজি মাজার বস্তিটি দীর্ঘদিন দেশের অন্যতম বড় মাদক বিক্রির আস্তানা বা ‘হটস্পট’ হিসেবে পরিচিত ছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পুলিশ প্রশাসন ধারাবাহিকভাবে একাধিক অভিযান পরিচালনা করেও এর মাদক ব্যাবসা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারছিল না। জায়গাটি রাজউকের নিজস্ব মালিকানাধীন হওয়ায় উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনা ও মাদকের আস্তানাগুলো সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযান শেষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. বেলায়াত হোসেন জানান, মাদকের সামাজিক অভিশাপ থেকে টঙ্গী এলাকাকে মুক্ত করতে এবং সরকারি জমি পুনরুদ্ধারে এ ধরনের অভিযান অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। রাজউকের পক্ষ থেকে জানানো হয়েছে, মুক্ত করা জমিতে পুনরায় যেন কোনো অবৈধ দখল বা মাদকের স্পট গড়ে উঠতে না পারে, সে বিষয়ে কড়া নজরদারি বজায় রাখা হবে।

রাজউকের উপপরিচালক (এস্টেট ও ভূমি-৩) মো. লিটন সরকার বলেন, রাজউকের প্লট দীর্ঘদিন অবৈধ দখলদারের নিয়ন্ত্রণে ছিল। প্রশাসনের সহযোগিতায় অবৈধ দখলদারদের উচ্ছেদ করে, আমরা আমাদের প্লট বুঝে নিয়েছি।

আরও পড়ুন

×