চাঁদপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিলে এসে নেতার মৃত্যু
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:৪১
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে অংশ নিতে এসে আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হয়ে মো. সেলিম (৫৫) নামে স্থানীয় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে দলীয় নেতাকর্মীরা তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মো. সেলিম উপজেলার কালিরবাজার এলাকার ব্যবসায়ী এবং ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় নেতাকর্মীরা জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত মিছিল ও সমাবেশে অংশ নিতে বিকেলে উপজেলা পরিষদ প্রাঙ্গণে যান সেলিম। কর্মসূচি চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তীব্র হৃদ্রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক লায়ন মো. হারুনুর রশিদ। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।