মুচলেকায় ইজারামুক্ত ত্রিমোহনী নদী
অবৈধ ইজারাদারের মুচলেকায় মুক্ত উল্লাপাড়ার ত্রিমোহিনী নদী সমকাল
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৩
| প্রিন্ট সংস্করণ
অবৈধ ইজারাদারের মুচলেকায় উল্লাপাড়ার ত্রিমোহনী নদী এখন সম্পূর্ণ ইজারামুক্ত। স্থানীয় মৎস্যজীবীরা বিনা টাকায় অবাধে মাছ শিকারের সুযোগ ফিরে পেয়েছেন।
জানা গেছে, ত্রিমোহনী নদীর প্রায় আড়াই কিলোমিটার অংশ পৈতৃক সম্পত্তি দাবি করে লাহিড়ী মোহনপুর এলাকার আফজাল হাজী, কানাই হালদার, অধীর হালদারসহ কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে ইজারা দিয়ে আসছিলেন। চলতি বছর দেড় লাখ টাকায় এই ইজারা গ্রহণ করেন একই এলাকার রওশন আলী। পরে ইজারাগ্রহীতা স্থানীয় সাধারণ মৎস্যজীবীদের কাছ থেকে স্থানভেদে দৈনিক ৩ থেকে ৫ হাজার টাকা হারে চুক্তি করে মাছ ধরার সুযোগ দিতেন। এতে ব্যাপক আর্থিক সংকট ও বিপাকে পড়েন দরিদ্র মৎস্যজীবীরা।
ত্রিমোহনী নদী ঘিরে অবৈধভাবে ইজারাসংক্রান্ত একাধিক সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি প্রশাসনের নজরে আসে। ইউএনও মোহাম্মদ রায়হানুল ইসলামের নির্দেশনায় সরেজমিন তদন্ত করে অবৈধ ইজারার সত্যতা পাওয়া যায়। পরে মঙ্গলবার ইউএনও’র কার্যালয়ে ইজারাদার, ইজারাগ্রহীতা ও ভুক্তভোগী মৎস্যজীবীদের ডেকে আনা হয়। শুনানিতে অভিযুক্ত ইজারাদার আফজাল হাজী বেআইনিভাবে ইজারা দেওয়ার বিষয়টি স্বীকার করেন এবং ভবিষ্যতে এমন কাজ করবেন না মর্মে উপজেলা প্রশাসনের কাছে একটি লিখিত মুচলেকা দেন।
সিনিয়র মৎস্য কর্মকর্তা আতাউর রহমান বলেন, এখন থেকে মৎস্যজীবীরা আগের মতো নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
- বিষয় :
- নদী