নলছিটিতে সুগন্ধা নদীতীর যেন ভাগাড়ে পরিণত
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:৪৮
| প্রিন্ট সংস্করণ
ঝালকাঠির নলছিটি পৌরসভার সুগন্ধা নদীর তীরবর্তী লঞ্চঘাট এলাকার পাশে অবাধে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। এসব ময়লার স্তূপ জমে নদীতীর পরিণত হয়েছে ভাগাড়ে। তীব্র দুর্গন্ধে এসব স্থানে নাকে রুমাল দিয়ে চলাফেরা করতে হচ্ছে পথচারীদের।
নলছিটি শহর এলাকার বাসিন্দাদের নিত্যদিনের বর্জ্য ফেলার নির্দিষ্ট কোনো জায়গা না থাকায় ফেলা হচ্ছে সুগন্ধা নদীর তীরে। বৃষ্টিতে এ সব ময়লা আবর্জনা ছড়িয়ে পড়ছে নদীর পানিতে। এতে পরিবেশ দূষণের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন নদীতীরবর্তী এলাকার বাসিন্দারা।
গতকাল মঙ্গলবার সরেজমিন ঘুরে দেখা যায়, পৌরসভার লঞ্চঘাট এলাকার পাশে উন্মুক্ত স্থানে ও নদীর তীরে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখা হয়েছে। অনেকে নদীতেও ময়লা-আবর্জনা ও বর্জ্য ফেলছেন। এতে নদীর পানিও দূষিত হচ্ছে। তীব্র গন্ধের কারণে নাকে কাপড় দিয়ে ওই এলাকা অতিক্রম করছেন পথচারীরা।
স্থানীয় ব্যবসায়ী খলিলুর রহমান, জাকির হোসেন, জামাল হোসেন ও আব্দুল কাদের জানান, তাদের এ এলাকার অনেক পরিবার আছে; যারা নিত্যপ্রয়োজনীয় কাজে এ নদীর পানির ওপর নির্ভরশীল। ফলে নিম্ন আয়ের এসব বাসিন্দা বাধ্য হয়ে ময়লাযুক্ত পানি ব্যবহারে বাধ্য হচ্ছেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সাইদুল কবির রানা জানান, নদীতীরবর্তী লঞ্চঘাটসংলগ্ন বাজারে সপ্তাহে দুইদিন বড় হাট বসে। এ হাটে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতার সমাগম ঘটে। বিক্রেতাদের অবিক্রীত পরিত্যক্ত পচা মালপত্র এখানে নিয়মিতভাবে ফেলার কারণে ময়লার স্তূপ জমে ভাগাড়ে পরিণত হয়েছে। এতে তীব্র পচা গন্ধের কারণে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হয়। যত দ্রুত সম্ভব নলছিটিতে একটি আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি জানান তারা।
ব্যবসায়ী খন্দকার জাহিদুল ইসলাম বলেন, নলছিটি বন্দরটি নদীমাতৃক হওয়ায় দূর-দূরান্ত থেকে অনেক ব্যবসায়ী নৌকায় এসে এখানে তাদের মালপত্র বিক্রি করতে আসেন। কৃষকরাও তাদের উৎপাদিত পণ্য নিয়ে আসেন। সেই নৌকাঘাটের ঠিক পাশেই ময়লা-আবর্জনার স্তূপ। এ কারণে ক্রেতা-বিক্রেতার পাশাপাশি মসজিদের মুসল্লিদেরও অজু-গোসলে সমস্যা হয়।
এ বিষয়ে নলছিটি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রতীম কুমার কুণ্ডু বলেন, বিষয়টি তাঁর জানা ছিল না। দ্রুতই জায়গাটি পরিদর্শন করে সমস্যার সমাধান খুঁজে বের করার চেষ্টা করবেন তিনি।
- বিষয় :
- নদী