ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল মুক্তিযোদ্ধার
×

বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৭:২৪

ময়মনসিংহ নগরীতে বেপরোয়া গতির অটোরিকশার চাপায় প্রাণ হারালেন বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান। গত মঙ্গলবার রাত ৯টার দিকে নগরীর রেলির মোড় সংলগ্ন হাজী কাশেম আলী কলেজের কাছের বেড়িবাঁধ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বয়সের কারণে ও শারীরিক জটিলতার জন্য বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সাধারণত কোনো যানবাহনে উঠতেন না। লাঠিতে ভর দিয়ে হেঁটে চলাচল করতেন। ঘটনার রাতে তিনি হেঁটেই নিজ বাসায় ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি বেপরোয়া গতির অটোরিকশা তাঁকে সজোরে ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। তিনি পাকা রাস্তায় ছিটকে পড়েন এবং মাথায় গুরুতর আঘাত পেয়ে রক্তক্ষরণ হতে থাকে।

উপস্থিত পথচারী ও স্থানীয় বাসিন্দারা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে এবং চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে স্বজনরা তাঁকে বেসরকারি প্রান্ত হাসপাতালে ভর্তি করান। সেখানে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। গতকাল বুধবার ভোর ৫টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

মুক্তিযুদ্ধা শাহজাহানের বড় ছেলে রুবেল মিয়া জানান, তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তাঁর বুকে রিং পরানো ছিল। শারীরিক সুস্থতার খাতিরে তিনি নিয়মিত হাঁটাচলা করতেন। তিনি কেবল একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, স্থানীয় ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।

সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘের সভাপতি ইমতিয়াজ আহমেদের দাবি, দ্রুত ঘাতক অটোরিকশাচালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। ময়মনসিংহ নগরীতে ব্যাটারিচালিত অটোরিকশার সংখ্যা নির্দিষ্ট করে ট্রাফিক শৃঙ্খলার কঠোর বাস্তবায়ন করতে হবে, তা না হলে এমন মৃত্যুর মিছিল থামানো সম্ভব হবে না।

আরও পড়ুন

×