দায়িত্বশীল সাংবাদিকতার জন্য ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতার গুরুত্ব অপরিসীম: তথ্যমন্ত্রী
ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। ছবি- সমকাল
ভোলা প্রতিনিধি
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৪ | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২১
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, মিডিয়া গণতন্ত্রের একটি স্তম্ভ। সরকারের কাজের ভালো-মন্দ তুলে ধরার দায়িত্ব গণমাধ্যমের। তবে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে যাচাই ছাড়া এমন কোনো তথ্য প্রকাশ করা উচিত নয়, যাতে কারও জীবন, ক্যারিয়ার বা মান-সম্মানের ক্ষতি হয়। দায়িত্বশীল সাংবাদিকতার জন্য ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতার গুরুত্ব অপরিসীম।
বৃহস্পতিবার দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, গণমাধ্যম নিজেদের স্বাধীনতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করবে। তবে সাংবাদিকদের নৈতিক দায়িত্ব হলো, অর্ধসত্য বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত কোনো সংবাদ যেন কারও অযথা ক্ষতির কারণ না হয়। একইভাবে কাউকে অযৌক্তিকভাবে অতিরিক্ত প্রশংসাও করা উচিত নয়।
তিনি বলেন, শুধু নীতিমালা বা আইন করে মানুষের নৈতিকতা তৈরি করা সম্ভব নয়। আইন মানুষকে একটি কাঠামোর মধ্যে আনতে পারে, কিন্তু দায়িত্বশীল সাংবাদিকতার জন্য ব্যক্তিগত ও পেশাগত নৈতিকতার গুরুত্ব অপরিসীম।
গণমাধ্যমের স্বাধীনতার প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ জানান, তিনি কখনো সংবাদমাধ্যমের ওপর হস্তক্ষেপ করেননি। নিজের পক্ষে সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা কিংবা সমালোচনামূলক সংবাদ প্রকাশের কারণে কারও চাকরি নষ্ট করার পক্ষেও তিনি নন।
বর্তমানে সাইবার বুলিংকে একটি বড় সমস্যা হিসেবে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যের কারণে সংবাদমাধ্যমের বিশ্বাসযোগ্যতাও প্রশ্নের মুখে পড়ছে। অনেক সময় মানুষ সত্য সংবাদকেও ভুয়া খবর মনে করছেন।
ভোলা প্রেসক্লাবের সভাপতি নজরুল হক অনুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলমসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতারা।
দায়িত্ব নেওয়ার পর প্রথমবার ভোলা সফরে আসা তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থকে প্রেসক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিভিন্ন সাংবাদিক সংগঠন ও স্থানীয় সংবাদপত্রের পক্ষ থেকেও তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
- বিষয় :
- গণমাধ্যম
- আন্দালিভ রহমান পার্থ