ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫

সাভারে মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষকসহ গ্রেপ্তার ৫
×

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবদেক, সাভার 

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৬ | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:৫৮

সাভারের পূর্ব শাহিবাগ এলাকায় অবস্থিত মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদ্রাসার ৭ বছর বয়সী এক ছাত্রকে পর্যায়ক্রমে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান। 

এর আগে তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় গত ২৬ আগস্ট নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১)/৩০ ধারায় মামলা (নং-১১০) দায়ের করা হয়েছে।

গ্রেপ্তাররা হলো— গাজীপুরের কালিয়াকৈর থানার বড়াইবাড়ি এলাকার দেওয়ান আবু রায়হানের ছেলে তাহমিদ হাসান রাফি (১৫), বরগুনার বেতাগী থানার সুবিদখালি এলাকার মো. পলাশের ছেলে মো. সাজেদুল ইসলাম সায়েম (১৩), জামালপুর সদর থানার মাটিখোলা মৈমুনা এলাকার মুক্তারের ছেলে মোহাম্মদ বিন মুক্তার (১২), ভোলা জেলার শশীভূষণ থানার নয়আনী এলাকার মো. কাবুলের ছেলে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন (২১) এবং সিরাজগঞ্জের সলঙ্গা থানার কালিকাপুর এলাকার মো. ইউসুফ আলীর ছেলে মোঃ কামরুল ইসলাম (২৬)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের ঘটনায় মামলার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে ঢাকা জেলা পুলিশ। ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে সাভার ও আশুলিয়া মডেল থানা পুলিশ এবং ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক চৌকস দল তথ্যপ্রযুক্তি, সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে। এরপর দেশের বিভিন্ন জেলায় অভিযান চালানো হয়। 

অভিযানে গাজীপুরের কালিয়াকৈর থানার বড়াইবাড়ি এলাকায় নিজ বাড়ি থেকে মামলার প্রধান আসামী তাহমিদ হাসান রাফিকে, বরগুনার বেতাগী এলাকায় নানার বাড়ি থেকে মো. সাজেদুল ইসলাম সায়েমকে, সাভারের চাপাইন তালতলা এলাকায় বাবার ভাড়া বাসা থেকে মোহাম্মদ বিন মুক্তারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এছাড়া ভোলার চরফ্যাশন এলাকা থেকে মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা জাবের হোসেন এবং সিরাজগঞ্জের রায়গঞ্জে নিজ বাড়ি থেকে মো. কামরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) রাকিবুল হাসান ইশান বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তবে তাদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এঘটনায় ভুক্তভোগী শিশুটির পরিচয় গোপন রাখা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গ্রেপ্তাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছে। শনিবার দুপুরে গ্রেপ্তার দুই শিক্ষককে স্বীকারোক্তি মূলক জবানবন্দী প্রদানের জন্য আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ৩ শিক্ষার্থী অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদেরকে গাজীপুরের টঙ্গী এলাকার কিশোর সংশোধন কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

×