ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

সহিংসতা চাই না, নজরুলের সাংস্কৃতিক বাংলাদেশ চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী

সহিংসতা চাই না, নজরুলের সাংস্কৃতিক বাংলাদেশ চাই: মুক্তিযুদ্ধমন্ত্রী
×

ছবি: সমকাল

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১৯:৩৯

মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, আমরা সহিংস বাংলাদেশ চাই না। আমরা দেখতে চাই নজরুলের সাংস্কৃতিক, নাচ, গান ও প্রাণের বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ। 

শনিবার দুপুরে বাংলাদেশ বিমানবাহিনী শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের অডিটোরিয়ামে আয়োজিত নজরুল বর্ষ ও জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী স্মরণে ‘কাব্য ও ছন্দে নজরুল’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘‘কবি নজরুল মানুষের চিরন্তন জাগরণের প্রতীক। তিনি ঘোষণা করেছিলেন, ‘বল বীর, বল উন্নত মম শির’—এই উচ্চারণ আমাদের আত্মমর্যাদার সাহস ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর শিক্ষা দেয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে, নজরুলের বিদ্রোহ ধ্বংসের জন্য ছিল না; তার বিদ্রোহ ছিল ন্যায় প্রতিষ্ঠার জন্য, তার বিদ্রোহ ছিল মানুষের মুক্তির জন্য, শোষিতের অধিকার প্রতিষ্ঠার জন্য এবং একটি সুন্দর বৈষম্যহীন সমাজ গঠনের জন্য।’’

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, তোমরা আগামী দিনের বাংলাদেশ, তোমরা আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশের স্রষ্টা। তোমাদের হাতে দেশের ভবিষ্যৎ। তাই নজরুলকে শুধু কবিতার বইয়ের পাতায় সীমাবদ্ধ রাখলে চলবে না। নজরুলকে ধারণ করতে হবে চিন্তায়, চেতনায়, নৈতিকতায় এবং কর্মে। আমরা সাম্য ও দেশপ্রেমের বাংলাদেশ চাই।

আলোচনা শেষে তিনি ২০২৬ সালে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন। পরে কলেজ চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। এ সময় বাংলাদেশ বিমানবাহিনীর পাহাড়কাঞ্চনপুর ঘাঁটির দায়িত্বপ্রাপ্ত এয়ার কমডোর মো. মাহমুদুর হাসান, বিএএফ শাহীন কলেজ পাহাড়কাঞ্চনপুরের অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মনজিলা রিজওয়ান উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×