ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

পুলিশ সদস্যের মাতলামি, টোলের টাকা নদীতে ফেলার অভিযোগ

পুলিশ সদস্যের মাতলামি, টোলের টাকা নদীতে ফেলার অভিযোগ
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১০

নারায়ণগঞ্জ সদর নৌ থানার এএসআই মান্নান মদ খেয়ে খেয়াঘাটে ভাঙচুর করেন, টোলের টাকা নদীতে ফেলে দিয়ে নেচে-গেয়ে মাতলামি করেছেন বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসায় তাকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তবে পুলিশের দাবি, এএসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন আছেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় নারায়ণগঞ্জ সদর নৌ থানা পুলিশের এএসআই মান্নান মাতলামি শুরু করেন। নাচ-গান করতে থাকেন। এসব দেখে আশপাশের লোকজন জড়ো হয়ে নানা মন্তব্য করতে থাকেন। এই ঘটনায় শনিবার এএসআই মান্নানকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি রকিবুজ্জামান প্রধান এবং এসআই ফারুক আহমেদ পাটোয়ারীকে রাখা হয়েছে।

নারায়ণগঞ্জ সদর নৌ থানার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এএসআই মান্নান মানসিক রোগে আক্রান্ত এবং চিকিৎসাধীন আছেন। ২০ দিন আগে নারায়ণগঞ্জ সদর নৌ থানায় যোগদান করেন তিনি। এর আগে র্যাব-৩ এ কর্মরত ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের পাঁচ নম্বর খেয়াঘাট এলাকায় এএসআই মান্নান মাতলামি শুরু করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে।

নারায়ণগঞ্জ নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। এএসআই মান্নান নেশা করেছিলেন নাকি মানসিক রোগী তদন্তের আগে কিছুই বলা যাচ্ছে না।

আরও পড়ুন

×