ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

বরযাত্রীর গাড়ি আটকে ‘মিষ্টি’র টাকা দাবি, সংঘর্ষে আহত ৫০

বরযাত্রীর গাড়ি আটকে ‘মিষ্টি’র টাকা দাবি, সংঘর্ষে আহত ৫০
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৩

কিশোরগঞ্জের করিমগঞ্জে বরযাত্রীর গাড়ি আটকে ‘মিষ্টি’র টাকা দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন বর ও বরের বাবাসহ অন্তত ৫০ জন। তাদের মধ্যে দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় করিমগঞ্জ থানায় বরপক্ষ আজ শনিবার লিখিত অভিযোগ দিয়েছে। তবে আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত কাউকে আটক যায়নি বলে জানিয়েছেন করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেব খান।

স্থানীয় সূত্রে জানা গেছে, করিমগঞ্জ উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ধিতপুর এলাকার হবি মিয়ার ছেলে আবু হানিফের বিয়ে ঠিক হয়েছিল উপজেলার নোয়াবাদ ইউনিয়নের ঝাউতলা গ্রামে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর বরযাত্রীরা গাড়ি নিয়ে যাচ্ছিলেন কনের বাড়িতে। পথে বারঘরিয়ার গাবতলী বাজারে বরের গাড়ি পৌঁছাতেই স্থানীয় যুবকরা ‘মিষ্টি’র জন্য টাকা দাবি করে গাড়ি আটকে দেন। এ সময় বরপক্ষের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের নানা বয়সের মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। 

অনেকে স্থানীয়ভাবে তৈরি ঢাল হাতে দেশীয় অস্ত্র নিয়েও সংঘর্ষে অংশ নেন। এ সময় বর আবু হানিফ ও তার বাবা হবি মিয়াসহ উভয় পক্ষে অন্তত ৫০ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। অন্যদের করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে করিমগঞ্জ থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে জানিয়ে ওসি মো. সোহেব খান বলেন, বরপক্ষের লিখিত অভিযোগে কয়েকজনের নাম দেওয়া হয়েছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা ও তদন্ত করা হবে। 

আরও পড়ুন

×