জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরের সম্ভাবনা নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট ব্যুরো
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৫৮
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের দিন তারিখ এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দ্বিপাক্ষিক কথাবার্তা চলছে।
আজ শনিবার সিলেটে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা জানান তিনি। শুক্রবার হযরত শাহজালাল (রহ.) মাজার এলাকায় প্রতিমন্ত্রীর অনুষ্ঠান কাভার করতে গিয়ে দুই সাংবাদিক হেনস্তার শিকার হওয়ার পর আজ প্রতিমন্ত্রী সংগঠনের নেতাদেরর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
তিনি বলেন, বাংলাদেশের জাতীয় স্বার্থ ও জনগণের প্রত্যাশার বিষয়টি ভারতের নীতিনির্ধারকেরা বুঝতে শুরু করেছেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও আলোচনার ভিত্তিতে দুই দেশের সম্পর্ককে আরও ইতিবাচক পর্যায়ে নেওয়ার সুযোগ রয়েছে।
মক্কা চুক্তি বিষয়ে প্রতিমন্ত্রী জানান, এ নিয়ে আলাপ-আলোচনা চলছে৷ চুক্তিতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়। বর্তমান বিশ্বে অনেক দেশই একাধিক নিরাপত্তা জোটে থাকছে। জাতীয় স্বার্থের ভিত্তিতে যেখানে যাওয়া প্রয়োজন, বাংলাদেশ সেখানেই যাবে।
বোয়িং বিমান ক্রয় বিষয়ে হুমায়ুন কবির জানান, বোয়িং বিমান কিনতে হবে; এমন কোনো চাপ কেউ দিচ্ছে না। দেশের চাহিদা আছে বলেই আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে, প্রয়োজনে আরও কেনা হবে।
সৌজন্য সাক্ষাৎকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।
- বিষয় :
- প্রধানমন্ত্রী