ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ হলো নৌকাবাইচ

উল্লাপাড়ায় বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ হলো নৌকাবাইচ
×

ফাইল ছবি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ২০:৪৪

উল্লাপাড়ায় ফুলজোর নদীতে জামায়াত-বিএনপির দ্বন্দ্বে বন্ধ হয়ে গেল নৌকাবাইচ প্রতিযোগিতা। গোলযোগ এড়াতে উপজেলা প্রশাসন এই বাইচ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। মাঝে একদিনের ব্যবধান রেখে বিএনপি ও জামায়াত পৃথকভাবে কালিগঞ্জ খেয়াঘাটে নৌকা বাইচের আয়োজন করে। শনিবার এই ঘাটে জামায়াত ঘোষিত বাইচ হওয়ার কথা ছিল।

স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামীর পঞ্চক্রোশী ইউনিয়ন শাখার উদ্যোগে কালিগঞ্জ খেয়াঘাটে শনিবার ও রোববার বাইচের আয়োজন করা হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানকে এই আয়োজনে প্রধান অতিথি করা হয়েছিল। 

অন্যদিকে বিএনপির পঞ্চক্রোশী ইউনিয়ন শাখা ফুলজোর নদীতে একই স্থানে আগামীকাল সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের নৌকা বাইচ প্রতিযোগিতার ঘোষণা দিয়ে প্রচার শুরু করে। তাদের আয়োজনে বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি করা হয়। 

কালিগঞ্জ গ্রামের স্কুলশিক্ষক রাজু আহম্মেদ জানান, এক দিনের ব্যবধানে দুই দলের একই স্থানে নৌকাবাইচের আয়োজন ও মঞ্চ নির্মাণ নিয়ে স্থানীয় জামায়াত ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এতে এলাকায় গোলযোগের আশঙ্কা করেন এলাকাবাসী। পরে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় প্রশাসন ফুলজোরে নৌকা বাইচ বন্ধ করে দেয়।

বিএনপির পক্ষ থেকে নৌকা বাইচ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা জানান, তারা ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত এই নদীতে ১৭তম নৌকা বাইচের আয়োজন করেন। এ জন্য খেয়াঘাটে তারা একটি ঘোষণা মঞ্চ তৈরি করেন। কিন্তু জামায়াতের পক্ষ থেকে তাদের ঘোষণা মঞ্চের পাশে একটি ঘোষণা মঞ্চ তৈরির প্রস্তুতি নিলে উত্তেজনার সৃষ্টি হয়। তিনি অভিযোগ করেন, জামায়াতের স্থানীয় নেতাকর্মীরা হঠাৎ করেই ৫ ও ৬ সেপ্টেম্বর একই স্থানে নৌকা বাইচের ঘোষণা দেন। এতেই সমস্যার সৃষ্টি হয়। 

অন্যদিকে জামায়াতের নৌকা বাইচ প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, তারা বিএনপির প্রতিযোগিতার আগেই শান্তিপূর্ণভাবে তাদের প্রতিযোগিতা শেষ করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু বিএনপির পক্ষ থেকে আপত্তি তোলা হয়। 

এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার ওসি মেহেদী হাসান জানান, কালিগঞ্জ খেয়াঘাটে বিএনপি ও জামায়াতের নৌকাবাইচের আয়োজন নিয়ে স্থানীয়ভাবে অস্তিতিশীল পরিস্থিতির সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশনায় আপাতত এখানে নৌকা বাইচ বন্ধ করে দেওয়া হয়েছে। 

উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রায়হানুল ইসলাম জানান, জামায়াত ও বিএনপির কোনো পক্ষই ফুলজোড় নদীতে নৌকা বাইচের আয়োজনের কোনো অনুমতি নেয়নি। এরপরও একদিনের ব্যবধান রেখে দুটি দল একই স্থানে নৌকা বাইচের আয়োজন করায় এখানে গোলযোগ এড়াতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উভয় দলের নৌকা বাইচ প্রতিযোগিতা বন্ধ করে দেওয়া হয়েছে। পরে এরা সমঝোতায় এলে প্রয়োজনে প্রশাসন অনুমতি দেবে। 

আরও পড়ুন

×