যদি সাহস-শক্তি থাকে মাঠে আসেন, আওয়ামী লীগকে এসএম জিলানী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি: সমকাল
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৩৪ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫৫
গোপালগঞ্জ-৩ আসনের (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) এমপি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বাংলাদেশের মানুষের কষ্টার্জিত টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করেছেন। সেই টাকা দিয়ে বিদেশে এসি রুমে ঘুমিয়ে দেশের নেতাকর্মীদের উসকানি দিচ্ছেন। যদি সাহস ও রাজনৈতিক শক্তি থাকে, তাহলে মাঠে আসেন। আমরা আপনাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করব, অন্য কোনো পন্থায় নয়। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে শোভাযাত্রা শেষে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাজারের পৌর মার্কেটে সমাবেশে এসব কথা বলেন তিনি।
এসএম জিলানী বলেন, আজ টুঙ্গিপাড়ার মাটিতে রাজনৈতিকভাবে এত বড় শোভাযাত্রা প্রদর্শন করে ইতিহাস সৃষ্টি করেছে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠন। তবে যারা দেশ-বিদেশ থেকে ফেসবুকের মাধ্যমে হুংকার ছড়াচ্ছেন, তাদের সবিনয়ে বলতে চাই, জাতীয়তাবাদী দল প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। কিন্তু জাতীয়তাবাদী দলের ওপর কোনো ধরনের উসকানি ও অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ করা হলে টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে মোকাবিলা করা হবে।
তিনি বলেন, এই টুঙ্গিপাড়া আমারও জন্মস্থান। আর এই টুঙ্গিপাড়ায় যারা বিএনপির রাজনীতি করেন, প্রত্যেকেরই জন্মস্থান এই ভূমিতে। অতএব, রাজনীতি করবেন ও কথা বলবেন শালীনতার সঙ্গে। গত ১৭ বছর পদ্মা নদী পাড়ি দিয়ে এখানে এসেছি, তাই আমাদের মধুমতি নদীর ভয় দেখিয়ে লাভ নেই। কারণ, আমরা ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য।
সমাবেশে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাহউদ্দিন আহমেদ, সহসভাপতি জিল্লাল শেখ, সাংগঠনিক সম্পাদক খালিদ বিশ্বাস, পৌর বিএনপির সভাপতি এমদাদ মোল্লা, সাধারণ সম্পাদক জিহাদুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক গোপাল সরকার, যুবদলের সদস্যসচিব আমিনুল ইসলাম, বিএনপি নেতা আকবর হোসেন, বর্ণি ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার জাহাঙ্গীর কবির, কুশলী ইউনিয়ন বিএনপির সভাপতি কদর শেখসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রোববার সকাল সাড়ে ১০টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শোভাযাত্রাটি পাটগাতী বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গওহরডাঙ্গা চৌরঙ্গি, পাটগাতী বাজার প্রদক্ষিণ করে পৌর মার্কেটে গিয়ে শেষ হয়। পরে সেখানে গণসমাবেশের আয়োজন করা হয়।
- বিষয় :
- প্রতিষ্ঠাবার্ষিকী
- বিএনপি
- গোপালগঞ্জ-৩