পার্কে তরুণ-তরুণীকে মদ্যপানে বাধা, যুবককে কুপিয়ে জখম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আহত যুবক চিকিৎসাধীন
কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৬:৫২ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:১৪
কুষ্টিয়ার কুমারখালীর গড়াই ইকো পার্কে তরুণ-তরুণীর প্রকাশ্যে মদ্যপানে বাধা দেওয়াকে কেন্দ্র করে আল রাব্বী (২০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। শনিবার রাত সাড়ে ৯টার দিকে কুমারখালী শহরের গণমোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত রাব্বী কুমারখালী পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কুণ্ডুপাড়া গ্রামের আনোয়ার আলীর ছেলে। তিনি দিনমজুরের কাজ করেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৫ দিন আগে গড়াই ইকো পার্কে নৌকায় ভ্রমণের সময় এক তরুণ ও তরুণী প্রকাশ্যে মদ্যপান করছিলেন। বিষয়টি দেখে রাব্বী তাঁদের মদ্যপানে বাধা দেন। এ নিয়ে তাঁদের মধ্যে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। ওই ঘটনার জেরে শনিবার রাতে রাব্বীর ওপর হামলা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
শনিবার রাতে গোখাদ্য কেনার জন্য বাইসাইকেল নিয়ে গণমোড় এলাকায় যান রাব্বী। রাত সাড়ে ৯টার দিকে কয়েকজন ব্যক্তি তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে স্বজনরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
রোববার দুপুরে গণমোড় এলাকায় কথা হয় ফল ব্যবসায়ী মনিরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘রাত সাড়ে ৯টার দিকে ওই ছেলে বাইসাইকেল নিয়ে এখানে এসেছিল। তখন কয়েকজন এসে চাপাতি দিয়ে তাকে কুপিয়ে চলে যায়। তবে হামলাকারীদের কাউকে চেনা যায়নি।’
গড়াই ইকো পার্ক এলাকার রবিউল ইসলাম বলেন, ‘প্রায় ১৫ দিন আগে নদীতে নৌকা থামিয়ে এক ছেলে ও মেয়ে মদ্যপান করছিল। তখন রাব্বী বাধা দিলে হাতাহাতি হয়েছিল। তবে রাতে কারা তাকে কুপিয়েছে, তা জানি না।’
রাব্বীর বাবা আনোয়ার আলী বলেন, পার্কে মদ্যপানে বাধা দেওয়ার ঘটনার জেরেই তাঁর ছেলেকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। হামলাকারীদের পরিচয় তাঁরা জানতে পেরেছেন দাবি করে তিনি বলেন, ‘মামলা করা হবে। এখনই তাঁদের পরিচয় প্রকাশ করতে চাই না। দোষীদের উপযুক্ত শাস্তি চাই।’
কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, কয়েক দিন আগে ইকো পার্কের ঘটনাকে কেন্দ্র করে রাব্বীকে প্রতিপক্ষরা কুপিয়ে আহত করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- কুষ্টিয়া
- মদ্যপান
- কুপিয়ে জখম