২০ লাখ টাকা চাঁদা দাবির মামলা
জামিন নামঞ্জুর, কারাগারে বিএনপি সভাপতি
সাজ্জাদুর রহমান সাজ্জাদ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬ | ২১:১৯
গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাজ্জাদুর রহমান সাজ্জাদের জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার গাইবান্ধার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানালে শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট বাফার সার গোডাউনে সার লোড-আনলোডের কাজ চলছিল। ওই সময় সার লোড-আনলোডের ঠিকাদারি প্রতিনিধি নুর মোহাম্মদ প্রিন্সের কাছে বিএনপি নেতা সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ তাঁর সহযোগীরা ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে কাজের পরিবেশ বিঘ্নিত করা হয়।
এ ঘটনার পর নুর মোহাম্মদ প্রিন্স বাদী হয়ে সাজ্জাদুর রহমান সাজ্জাদসহ সাতজনের নাম উল্লেখ করে এবং ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করে গাইবান্ধা সদর থানায় একটি চাঁদাবাজির মামলা করেন।
মামলা হওয়ার পর আসামি সাজ্জাদ উচ্চ আদালত (হাইকোর্ট) থেকে সাময়িক জামিন পান। জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সোমবার তিনি নিম্ন আদালতে (গাইবান্ধা সদর আমলি আদালত) আত্মসমর্পণ করে পুনরায় স্থায়ী জামিনের আবেদন জানান। জামিন আবেদনের পক্ষে-বিপক্ষে দীর্ঘ শুনানি শেষে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তা খারিজ করে আসামিকে সরাসরি জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের নির্দেশের বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা সদর আমলি আদালতের কোর্ট জিআরও গোবিন্দ চন্দ্র দাস জানান, সার গোডাউনে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত সাজ্জাদুর রহমান সাজ্জাদ জামিনের আবেদন নিয়ে আদালতে আসেন। বিচারক শুনানি শেষে জামিন না মঞ্জুর করে তাঁকে হাজতে পাঠানোর আদেশ দেন।
অন্যদিকে, সাজ্জাদের গ্রেপ্তারের বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা বিএনপির সভাপতি মোশাররফ হোসেন বাবু বলেন, ‘সাজ্জাদুর রহমান সাজ্জাদ এই চাঁদাবাজির মামলায় হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আজ নিম্ন আদালতে হাজির হন। সেখানে আদালত জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’