শাপলা তুলতে বিলে নেমে প্রাণ গেল দুই বোনের
ফাইল ছবি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৯
বাগেরহাটের মোল্লাহাটে শাপলা তুলতে বিলে নেমে পানিতে ডুবে লামিয়া আক্তার (৮) ও জান্নাত আক্তার (১১) নামে দুই চাচাতো বোনের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে উপজেলার দারিয়াতলা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত লামিয়া দাড়িয়াতলা গ্রামের মোস্তাক শেখের মেয়ে এবং জান্নাতি একই গ্রামের মোস্তাইন শেখের মেয়ে। তারা আপন চাচাতো বোন।
স্থানীয় ইউপি সদস্য মোল্লা জসিম উদ্দিন জানান, সকালে বাড়ির কাছের একটি বিলে শাপলা তুলতে যায় জান্নাত ও লামিয়া। একপর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা খোঁজাখুঁজি করে তাদের পানি থেকে উদ্ধার করেন। পরে দ্রুত তাদের চুনখোলা এলাকার একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখান থেকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পারিবারিকভাবে তাদের দাফনের প্রস্তুতি চলছে।
- বিষয় :
- বাগেরহাট
- পানিতে ডুবে মৃত্যু