বিএফএফ ও সমকালের যৌথ উদ্যোগ
নাটোরে বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
ছবি: সমকাল
নাটোর সংবাদদাতা ও লালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬ | ০১:২৮
বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও সমকালের যৌথ উদ্যোগে নাটোর জেলায় ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এ স্লোগানে শহরের নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ে গতকাল রোববার সকালে এ বিতর্ক উৎসব শুরু হয়। আয়োজনে সহযোগী হিসেবে ছিল শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি।
জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ছয়টি দল বিতর্ক প্রতিযোগিতার মঞ্চে মুখোমুখি হয়। এতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। রানারআপ হয় নাটোর সুগার মিলস উচ্চ বালিকা বিদ্যালয়। শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী উম্মে সাইমা শেখ।
বিতর্কে অংশ নেওয়া দলগুলো হলো—নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়, নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ, কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, নাটোর সুগার মিলস উচ্চ বালিকা বিদ্যালয় এবং বনলতা বালিকা বিদ্যালয়।
সকাল ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব ও অভিনয়শিল্পী খায়রুল আলম সবুজ। বিশেষ অতিথি ছিলেন পাখিবিশেষজ্ঞ এনামুল হক। সমকালের নাটোর সংবাদদাতা কামরুল ইসলামের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সহযোগী অধ্যাপক এনামুল হক, সহযোগী অধ্যাপক খালেদ পারভেজ, সহকারী অধ্যাপক ফারাজী আহমেদ রফিক, প্রভাষক মাসুমা সুলতানা, অধ্যক্ষ (অব.) আব্দুর রাজ্জাক ও ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সম্পাদক আলতাব হোসেন। মডারেটর ছিলেন সুবিধ কুমার মৈত্র।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নববিধান উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, সহকারী শিক্ষক জেসমিন আক্তার, সমকালের লালপুর প্রতিনিধি মো. আশিকুর রহমান, সিংড়া প্রতিনিধি আব্দুর রশিদ, সমকাল সুহৃদ সমাবেশের সম্পাদক সানিউল সানিসহ শতাধিক অভিভাবক ও শিক্ষার্থী। পরে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।
- বিষয় :
- জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
- নাটোর